আর্জেন্টিনায় ট্রেন দুর্ঘটনা, আহত ৯৯
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে গত শনিবার এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৯৯ জন আহত হয়েছে। ট্রেনটি স্টেশনে প্রবেশের পরও না থেমে প্ল্যাটফর্মের ওপরে উঠে গিয়েছিল। বুয়েনস এইরেসের ওয়ান্স স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
এই স্টেশনে গত বছর প্রায় একই ধরনের এক দুর্ঘটনায় ৫১ জন প্রাণ হারায় এবং প্রায় ৭০০ জন আহত হয়। শনিবারের দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট। তবে আগে থেকেই ট্রেনটিতে ত্রুটি ছিল বলে একজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন।
আর্জেন্টিনার পরিবহনমন্ত্রী ফ্লোরেন্সিও রান্দাজো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে কারিগরি ত্রুটি রয়েছে কি না গত মঙ্গলবারও তা নিবিড়ভাবে যাচাই করে দেখা হয়েছিল। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা গ্রাসিয়েলা রেবোদ বলেন, দুর্ঘটনায় আহত ৯৯ জনকে বুয়েনস এইরেসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিরাপত্তা বিভাগের প্রধান সার্জিও বার্নি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। এএফপি।