আর্জেন্টিনায় দাবদাহে সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবদাহের অস্বস্তি কাটাতে গা ভেজাচ্ছে এক শিশু। ছবি: বিবিসি
দাবদাহের অস্বস্তি কাটাতে গা ভেজাচ্ছে এক শিশু। ছবি: বিবিসি

আর্জেন্টিনায় গত সপ্তাহে দাবদাহে কমপক্ষে সাতজন মারা গেছে। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, নিহত ব্যক্তিদের বেশির ভাগই পূর্ণ বয়স্ক ব্যক্তি। তাঁরা আর্জেন্টিনার উত্তরে অবস্থিত সান্তিয়াগো দেল এস্তেরোর বাসিন্দা।
আবহাওয়াবিদদের ভাষ্য, ১৯০৬ সালে তাপমাত্রা তালিকাভুক্ত শুরু করার পর থেকে এটাই সে দেশে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ।
প্রচণ্ড গরমে অতিরিক্ত এয়ার কন্ডিশন ব্যবহারের ফলে আর্জেন্টিনার সেকেলে বিদ্যুৎ গ্রিড হিমশিম খাচ্ছে। এতে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছন্ন হয়ে গেছে। বিদ্যুতের অভাবে অনেকে এয়ার কন্ডিশন ব্যবহার করতে পারছে না।
আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো ও উত্তর প্রদেশে ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি (১১৩ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, গত চার দশকে এটিই আর্জেন্টিনার সর্বোচ্চ তাপমাত্রা।
গরমে অসুস্থ হয়ে অনেকে চিকিত্সা নিচ্ছে। চিকিত্সকেরা সাধারণ জনগণকে দিনের উষ্ণতম সময়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।