আর্জেন্টিনায় লুটপাট, সহিংসতা, দুই ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় সান্তা ফে প্রদেশের রোসারিও শহরসহ কয়েকটি স্থানে গত শুক্রবার ব্যাপক লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় দুই ব্যক্তি নিহত হয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস শহরতলীর একটি সুপার মার্কেটে হামলা ও লুটপাটকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।সরকার এ ঘটনার জন্য বিরোধীদলীয় শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করেছে। সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারা দেশে প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে। স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা একদল লোক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে এবং দোকানপাট ভাঙচুর করছে। গত বৃহস্পতিবার আর্জেন্টিনার বারিলোশ অঞ্চলের পাতাগোনিয়ানে একটি অবকাশযাপন কেন্দ্রে লুটপাটের সূত্রপাত হয়। সেখানে ৪০০ সামরিক পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীরা বৃহস্পতিবার অন্তত তিনটি সুপার মার্কেটে লুট করে। আর্জেন্টিনায় ২০০১ সালে অর্থনৈতিক মন্দার সময় ব্যাপক সহিংসতা হয়েছিল। কর্মহীন লোকজন তখন সুপার মার্কেটে হামলা করেছিল। তবে এবারের পরিস্থিতি সে রকম নয় বলে দাবি করেন দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী সার্গিও বার্নি। তিনি বলেন, হামলাকারীরা ক্ষুধা বা দারিদ্র্যপীড়িত লোকজন নয়। তারা প্লাজমা টেলিভিশন ও গান শোনার যন্ত্র লুট করছে। বিবিসি ও এএফপি।