আর্জেন্টিনায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু
করোনাভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। দেশটির হাজারো মানুষ নানা সমস্যা নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছে। তবে তাদের সবচেয়ে বড় অভিযোগ করোনাভাইরাস ঘিরে সরকারের অব্যবস্থাপনা নিয়ে।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে দেশটিতে যেমন করোনাভাইরাস বাড়ছে, অন্যদিকে তেমনি মানুষ ফুঁসে উঠছে। হাজারো মানুষ আলবার্তো ফার্নান্দেজের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের সংখ্যা ৯ লাখ ৩ হাজার ছাড়িয়ে গেছে।
সমস্যা মোকাবিলায় সরকারের অবস্থান ও লকডাউনের আর্থিক প্রভাব নিয়ে ক্ষুব্ধ অনেকে। কেউ কেউ দুর্নীতি নিয়েও কথা বলছে।
করোনাভাইরাস মহামারির শুরুতে কঠোর লকডাউনের কারণে দেশটিতে করোনার সংক্রমণের গতি ছিল ধীর। কিন্তু লকডাউন শিথিল করে দেওয়ার পর থেকে দেশটিতে সংক্রমণ ব্যাপক বেড়ে গেছে।
করোনা সংক্রমণ শনাক্তের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা শনাক্তের দিক থেকে আর্জেন্টিনা ষষ্ঠ অবস্থানে রয়েছে।
দেশটিতে করোনা সংক্রমিত হয়ে মারা গেছে ২৪ হাজার ১৮৬ জন। ৭ অক্টোবর দেশটিতে এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশের অভ্যন্তরে বড় শহরগুলোয় করোনা সংক্রমণের হার ব্যাপক বেড়ে গেছে।
গত সোমবার দেশটির রাজধানীসহ বড় শহরগুলোয় সরকারবিরোধী বিক্ষোভ দেখাতে শুরু করে মানুষ। তবে মানুষের অভিযোগের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। কেউ কেউ দুর্নীতির ঘটনা তদন্ত করতে বলছে, আবার কেউ কেউ বিচার বিভাগের পুনর্গঠন চাইছে। তবে অধিকাংশই লকডাউনের কারণে দেশটির অর্থনৈতিক ক্ষতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কেউ কেউ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানাচ্ছে। দীর্ঘদিন ধরে লকডাউনে বন্ধ হয়ে থাকা পর্যটন খাতের কর্মীরাও তাঁদের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন।