আর্থিক ক্ষতি সব রেকর্ড ছাড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সঠিক হিসাব পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার কোটি থেকে দুই হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।ব্যক্তিগত ও সরকারি হিসাবের বাইরে বিশ্লেষকেরা এই হিসাব করেছেন। স্যান্ডির আঘাতে বাহ্যিকভাবে বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি ছাড়াও সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক উইলিয়াম নর্ডহস বলেন, তাঁরা মানুষের বাড়িঘর, স্থাপনা ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির হিসাব করেছেন। তবে ক্ষতিগ্রস্ত অর্ধেক সম্পদেরই বিমা রয়েছে। এসব সম্পদের মূল্যকে দুই দিয়ে গুণ করে হিসাব করা হয়েছে। তবে স্যান্ডির কারণে মানুষের কাজে ব্যাঘাত, উদ্বেগ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ফলে যে ধরনের ক্ষতি হয়েছে, সেগুলোর হিসাব এর অন্তর্ভুক্ত করা হয়নি।এ ছাড়া ঘূর্ণিঝড়কবলিত এলাকার বিভিন্ন হাসপাতালে জরুরি ভিত্তিতে অতিরিক্ত রোগীদের স্থান সংকুলান ও চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে। এ জন্য যে ব্যয় হয়েছে, তা ক্ষয়ক্ষতির হিসাবে অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ডাকে জরুরি ভিত্তিতে সাড়া দিতে গিয়ে পুলিশের অতিরিক্ত কাজের ব্যয়ও হিসাবের বাইরে থাকবে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। স্যান্ডির আঘাতের ফলে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ গতকাল মঙ্গলবারও বন্ধ রাখা হয়। ১৮৮৮ সালের পর কেবল খারাপ আবহাওয়ার কারণে ওই স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার ঘটনা এটি দ্বিতীয়। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আইভান নামের ঘূর্ণিঝড়ের আঘাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছিল। বিবিসি।