আর্মেনিয়া গণহত্যা আইনের পরিকল্পনা করছেন ওলাঁদ
নতুন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ১৯১৫-১৬ সালে আর্মেনীয়দের হত্যা করার ঘটনা যে গণহত্যা ছিল, তা অস্বীকারকারীদের শাস্তির বিধান রেখে নতুন একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছেন তিনি।ফ্রান্সের পার্লামেন্টে এর আগেও এ-সংক্রান্ত একটি আইন পাস হয়েছিল। কিন্তু সেটি গত ফেব্রুয়ারিতে নাকচ করে দেয় সাংবিধানিক কাউন্সিল। কাউন্সিল বলেছিল, ওই আইন বাক্-স্বাধীনতা হরণ করার শামিল।আর্মেনীয় হত্যাযজ্ঞের ঘটনাকে ‘গণহত্যা’ বলতে অস্বীকৃতি জানিয়ে আসছে তুরস্ক। তুরস্কভিত্তিক ওসমানিয়া সাম্রাজ্য আর্মেনীয়দের বহিষ্কার করার সময় বহু লোকের মৃত্যু ঘটে।বিষয়টি নিয়ে প্যারিস ও আঙ্কারার মধ্যে সাম্প্রতিক কয়েক বছর ধরে টানাপোড়েন চলছে। ওলাঁদের পূর্বসূরি নিকোলা সারকোজিও এ ব্যাপারে একটি আইনের খসড়া তৈরি করতে বলেছিলেন।কো-অর্ডিনেটিং কাউন্সিল অব আর্মেনিয়ান অর্গানাইজেশন্স অব ফ্রান্স (সিসিএএফ) বলেছে, ‘আর্মেনীয় গণহত্যাকে অস্বীকারকারীদের নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ওলাঁদ একটি বিলের উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, যা তিনি তাঁর নির্বাচনী প্রচার এমনকি তারও আগে থেকে বলে আসছিলেন।’ফ্রান্সের গণমাধ্যমে বলা হয়েছে, নতুন আইনটির ধরন কেমন হবে তা নিয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ওলাঁদের সঙ্গে সাক্ষাৎ করবে সিসিএএফ।গত জানুয়ারিতে এ-সংক্রান্ত বিলটির ওপর ভোটাভুটির সময় প্যারিস ও আঙ্কারায় বিক্ষোভ হয়। সে সময় তুর্কি সরকার ফ্রান্সের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও সামরিক সহযোগিতা বন্ধ ঘোষণা করে। তুরস্কের দাবি, ১৯১৫-১৬ সালে দেশটির পূর্বাঞ্চলে যা ঘটেছে তার ন্যায়বিচার করার দায়িত্ব ঐতিহাসিকদের ওপর ছেড়ে দেওয়া উচিত। আর্মেনিয়ার দাবি, ওসমানিয়া সাম্রাজ্য বিভক্ত হওয়ার সময় সহিংসতায় ১৯১৫-১৬ সালে প্রায় ১৫ লাখ জাতিগত আর্মেনীয় মারা যায়। ফ্রান্সে প্রায় পাঁচ লাখ আর্মেনীয় বংশোদ্ভূত রয়েছে। দেশটিতে তুর্কিদের সংখ্যাও কম নয়। তাদের সংখ্যা সাড়ে পাঁচ লাখ। বিবিসি।