আল-আজহারে আগুন দিয়েছে ব্রাদারহুড

মিসরের ৩ জুলাইয়ের অভ্যুত্থানের বিরোধী মুসলিম ব্রাদারহুডের সমর্থক ছাত্ররা আজ শনিবার কায়রোর আল-আজাহার বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদ ভবন জ্বালিয়ে দিয়েছে। দেশটির টেলিভিশনের খবরে বলা হয়, ওই সময় পুলিশের সঙ্গে সংঘাতে এক ছাত্র নিহত ও চারজন আহত হয়েছে।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, অন্তত ৬০ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
মিসরের দৈনিক ‘আল আহরাম’ বলছে, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে বাণিজ্য অনুষদে ঢুকতে গেলে ব্রাদারহুডপন্থী শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। ব্রাদারহুডপন্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ছোড়ে। ব্রাদারহুডপন্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পুলিশদের লক্ষ করে পাথর ছোড়ে এবং কাঁদানে গ্যাস থেকে বাঁচতে টায়ার জ্বালায়।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, সংঘাতের সময় বাণিজ্য অনুষদে কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পরে কৃষি অনুষদের ভবনেও আগুন জ্বলতে দেখা যায়।
ব্রাদারহুডপন্থী সংগঠন ‘অভ্যুত্থানবিরোধী ছাত্র আন্দোলনের’ মুখপাত্র ইউসুফ সালহিন আল-জাজিরাকে বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ছাত্র খালেদ এল-হাদ্দাদ মারা গেছে। তবে হাদ্দাদ কীভাবে মারা গেছেন, তার পুরো বিবরণ জানা যায়নি।
কায়রোতে গতকাল শুক্রবারের সংঘাতে ব্রাদারহুডের তিনজন কর্মী নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে মুসলিম ব্রাদারহুডের সব কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে মিসর সরকার। পুলিশ সদর দপ্তরে বোমা হামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়।