
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা। সংগঠনটির প্রতিষ্ঠাতা ভিন্নমতাবলম্বী সৌদি নাগরিক ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হন। এরপর সংগঠনটিতে অনেক নতুন নেতার আবির্ভাব ঘটেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের পরিচয় নিচে দেওয়া হলো:
আয়মান আল-জাওয়াহিরি: মিসরীয় নাগরিক চোখের শল্যচিকিৎসক জাওয়াহিরি দেশটির জঙ্গিগোষ্ঠী ইসলামিক জিহাদের প্রতিষ্ঠাতা। ২০১১ সালের ১৬ জুন আল-কায়েদার নতুন নেতা হিসেবে তাঁর নাম ঘোষিত হয়। এর কয়েক সপ্তাহ আগেই বিন লাদেন মার্কিন বাহিনীর হাতে নিহত হন। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ‘সক্রিয় মস্তিষ্ক’ ভাবা হয় জাওয়াহিরিকে। ওই বছর যুক্তরাষ্ট্র যে ২২ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে তাতে ২ নম্বরে ছিল জাওয়াহিরির নাম। তাঁকে সর্বশেষ ২০০১ সালে আফগানিস্তানের খোস্ত শহরে দেখা গেছে। বর্তমানে তিনি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের পাহাড়ি এলাকায় লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়।
আবু ইয়াহিয়া আল-লিবি: মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, লিবি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত এলাকায় ২০১২ সালে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন। তবে পাকিস্তানের সংশ্লিষ্ট সূত্রগুলো তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেনি।
হাসান কায়েদ এবং ইউনিস আল-শাহরাবি নামেও পরিচিত লিবি। তিনি আফগানিস্তানে আল-কায়েদার ‘ফিল্ড কমান্ডার’ ছিলেন। নিজেকে আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচয় দিতেন লিবি। বিন লাদেনের সঙ্গে যোগ দেওয়ার আগে তিনি লিবিয়ান ইসলামিক ফাইটিং গ্রুপের (এলআইএফজি) সদস্য ছিলেন বলে ধারণা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে জাওয়াহিরির চেয়েও আল-কায়েদার বেশি পরিচিত মুখে পরিণত হন লিবি।
সাইফ আল-আদেল: আদেল মিসরের নাগরিক। মিসরীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল। আশির দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে মুজাহিদদের সঙ্গে লড়াই করতে আফগানিস্তানে যান। একসময় তিনি ওসামা বিন লাদেনের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ১৯৯৮ সালে পূর্ব আফ্রিকায় মার্কিন দূতাবাসে বোমা হামলা ও যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলায় অংশ নেওয়া কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়াসহ কয়েকটি ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে আদেলের বিরুদ্ধে।
ধারণা করা হয়, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের সময় আদেল ইরানে পালিয়ে যান। তখন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর তাঁকে গৃহবন্দী করে রাখে। তবে ইরান কখনোই বিষয়টি স্বীকার করেনি। সম্প্রতি খবর বেরোয়, আদেলকে মুক্তি দিয়ে পাকিস্তানে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
সাদ বিন লাদেন: ওসামা বিন লাদেনের ছেলে সাদ আল-কায়েদার কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ২০০১ সালে আত্মীয়স্বজনদের ইরানে পালিয়ে যেতে সহায়তা করেন তিনি। সাইফ আল-আদেলের সঙ্গে তিনিও ইরানে পালিয়ে যান বলে ধারণা করা হয়।
মার্কিন কর্মকর্তাদের মতে, সাদ ইরানে থেকে আল-কায়েদার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন। ২০০৩ সালে ইরানের কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে। তবে সাম্প্রতিক খবরে বলা হচ্ছে, আদেলের সঙ্গে তাঁকেও পাকিস্তানের উত্তরাঞ্চলে পাঠানো হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের সঙ্গে তাঁর ‘প্রাপ্ত বয়স্ক এক ছেলে’ নিহত হন। তবে তিনি সাদ কি না, তা নিশ্চিত করা হয়নি। বিবিসি।