
আল-কায়েদার হুমকি মোকাবিলায় ‘সব ধরনের যথাযথ পদক্ষেপ’ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আল-কায়েদা চলতি আগস্ট মাসে সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে বিশ্বব্যাপী সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইসলামি বিশ্বজুড়ে রোববার মার্কিন দূতাবাস বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর গত শুক্রবার এই সতর্কতা জারি করা হয়।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, সম্ভাব্য হামলার বিষয়টি জানার পর প্রেসিডেন্ট ওবামা তাঁর জাতীয় নিরাপত্তা দলকে মার্কিন জনগণকে রক্ষায় সব ধরনের যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার জানান, তাঁরা চলতি সপ্তাহে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে চালানো যোগাযোগ শনাক্ত করেছেন। সেখানে দেখা যায়, সন্ত্রাসীরা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মার্কিন স্বার্থে হামলা চালানো নিয়ে আলোচনা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এসব হামলার আশঙ্কা রয়েছে। আরব উপদ্বীপের ভেতরে এই হামলা সংঘটিত হতে পারে অথবা হামলার উৎসস্থল হতে পারে ওই এলাকা।
সন্ত্রাসীদের ওই ইলেকট্রনিক যোগাযোগ শনাক্ত হওয়ার পরই গত শুক্রবার বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের ভ্রমণে এবং পুরো আগস্ট মাসজুড়ে রোববারে আল-কায়েদা ও তার সহযোগীদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র দপ্তর। ভ্রমণ সতর্কর্তায় বলা হয়, বর্তমানে যে তথ্য রয়েছে, তাতে আল-কায়েদা ও তার সহযোগীরা এখন থেকে আগস্ট মাসের শেষ সময়ের মধ্যে সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে ইঙ্গিত রয়েছে।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির রিপাবলিকান সদস্য পিটার কিং বলেন, ‘আমি বিগত ১০ বছরে হুমকির যেসব ঘটনা দেখেছি, সেগুলোর যেকোনোটির চেয়ে এটা অধিকতর সুনির্দিষ্ট হুমকি।’
পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার অন্তত ২২টি দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পররাষ্ট্র দপ্তর। এগুলোর বেশির ভাগই আরব বিশ্বের। এর মধ্যে রয়েছে মিসর, ইরাক, ইয়েমেন, কুয়েত ও সৌদি আরব।
এদিকে যুক্তরাজ্য শুক্রবার জানিয়েছে, ‘ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ’-এর কারণে তারা ইয়েমেনে তাদের দূতাবাসের কার্যক্রম সোম ও মঙ্গলবার বন্ধ রাখবে। এএফপি ও নিউইয়র্ক টাইমস।