আল-কায়েদা ও তালেবানের সম্পর্কে টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তালেবান। তালেবানের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে তালেবানের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এর ফলে আফগানিস্তানের সশস্ত্র অন্য গোষ্ঠীগুলোও চাপে পড়েছে।আফগানিস্তান ও পাকিস্তানে আল-কায়েদা কঠিন পরিস্থিতির মুখে রয়েছে। গত মে মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন অভিযানে নিহত হন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। এর পর থেকে আল-কায়েদার নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। সংগঠনে অর্থের জোগানও কমে যায়। পশ্চিমা লক্ষ্যবস্তুতে আল-কায়েদার হামলাও কমে যায় উল্লেখযোগ্যভাবে।বিশ্লেষকেরা মনে করছেন, এক দশকের বেশি সময় ধরে চলা আফগান অস্থিতিশীলতা বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের এই শান্তি আলোচনা সংকটের ইতিবাচক সমাধানে সহায়তা করতে পারে।তবে তালেবানের এই আপসকামিতায় ক্ষুব্ধ আল-কায়েদা। আফগানিস্তানের তালেবান এক কর্মকর্তা বলেন, ‘আল-কায়েদা আমাদের দোষারোপ করছে। তারা আমাদের বলছে, “কেন তোমরা আমাদের ডোবাচ্ছ। তোমাদের পতন সময়ে আমরা কি তোমাদের সাহায্য করিনি”?’আল-কায়েদার একটি সূত্র জানায়, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য তালেবানের দোহা প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় আমরা খুশি হতে পারিনি। আমরা পাকিস্তান ও আফগানিস্তানে লড়াই চালিয়ে যাব।’১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। তারা আল-কায়েদাকে সে দেশে ঘাঁটি স্থাপনের অনুমোদন দেয়। আশির দশকে সোভিয়েতবিরোধী যুদ্ধে মিত্রতার সূত্র ধরে ওসামা সেখানে দারুণ সমাদৃত হন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ওসামাকে দায়ী করে। যুক্তরাষ্ট্র ওসামাকে তাদের কাছে দিতে তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। তালেবান কর্তৃপক্ষ তা অস্বীকার করলে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে পতন ঘটে তালেবান সরকারের।তালেবান ও আল-কায়েদার সদস্যরা আশ্রয় নেন আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে। এ সময় আল-কায়েদা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একই সঙ্গে তেহরিক-ই-তালেবানের সঙ্গেও সম্পর্ক জোরদার করে।পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর তালেবান ও আল-কায়েদার হামলায় আফগান পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা হবে। এই ঘোষণার সঙ্গে এটাও প্রমাণিত হয়, আফগানিস্তানে কোনো সামরিক অভিযান সফলতার মুখ দেখে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে ওয়াশিংটন তালেবানের সঙ্গে আলোচনায় বসবে। তা মেনেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হয় তালেবান। এএফপি।