আল-কায়েদা নামের গ্রামে একদিন
‘পুরুষেরা কালাশনিকভ রাইফেল দিয়ে এত কাছ থেকে ফাঁকা গুলি ছুড়ছিল যে, আমি নিশ্চিত আমার তাঁবুর ছাদেও গুলির খোসা পড়ছিল। সমবেত নারীরা মুখে হাত দিয়ে ওই সময় এক ধরনের শব্দ করছিল। মধ্যপ্রাচ্যজুড়ে এটি পরিচিত শব্দ। ওদিকে অন্দরে সাদা গাউন পরিহিত ১৬ বছরের কনে অপেক্ষা করছে বরের জন্য। সে নীরবে সজল চোখে বরের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছে। বরকে আগে কখনো দেখেনি সে। কনের হাত ও বাহুজুড়ে মেহেদির ছোঁয়া। বিয়েবাড়িতে আনন্দ উদ্যাপনের পরিবেশ এটি। দৃশ্যটি ইয়েমেনের ছোট্ট একটি গ্রামের। নাম আল-কায়েদা!’ ওই গ্রাম ঘুরে এসে জানাচ্ছেন দ্য টাইম সাময়িকীর সাংবাদিক আবিগেইল হসলোনার। আবিগেল বলেন, ‘ইয়েমেনকে বৈশ্বিক সন্ত্রাসবাদের পরবর্তী কেন্দ্র হিসেবে মনে করে থাকেন অনেকেই। সেদিন ইয়েমেনের ছোট্ট ওই গ্রামে আমার থাকার কথা ছিল না। কিন্তু আল-কায়েদায় কোনো বিয়ে অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়তো নাও মিলতে পারে, সে জন্যই একদিন সেখানে যাওয়া।’আবিগেল বলেন, ‘ব্যাপারটা আগেই একটু খোলাসা করি। এই আল-কায়েদা সেই কুখ্যাত সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা নয়। আল-কায়েদা ইয়েমেনের ছোট্ট একটি শান্ত গ্রামের নাম। পশ্চিম ইয়েমেনের পর্বতসংকুল পাহাড়ি এলাকায় গ্রামটি অবস্থিত। গ্রামের অধিবাসীরা বলেন, পাসপোর্টে আল-কায়েদা নাম উল্লেখ থাকলে অন্য দেশের ভিসা পাওয়া মুশকিল। তবে এ নিয়ে এখনো কোনো সমস্যা হয়নি তাদের। ইয়েমেন আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের পূর্বপুরুষের বাড়ি। সমপ্রতি বড়দিনে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টাকারী ওমর ফারুক আবদুল মোতালিবও ইয়েমেনে প্রশিক্ষণ নিয়েছিলেন।’আবিগেল আরও বলেন, ‘ডিসেম্বরের শুরুর দিকে আমি বাসে করে ইয়েমেনের এক জায়গা থেকে অন্য এক জায়গায় যাচ্ছিলাম। বাসের ভেতরের পরিবেশ ছিল খুবই বন্ধুভাবাপন্ন। ওই বাসেরই এক যাত্রী হাবিবা। মুখের অবগুণ্ঠন সরিয়ে আমাকে তাঁর ভাগ্নের বিয়েতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। রাজি হলাম আমি। এভাবেই আমার আল-কায়েদায় যাওয়া।‘বিয়েবাড়িটি ছিল অতিথিতে পূর্ণ। গোটা বাড়িতে রাতে ঘুমানোর জন্য একমাত্র আমিই আলাদা বিছানা পেলাম। বাকি অতিথিসহ বাড়ির ছেলে-বুড়ো সবাই গাদাগাদি করে মেঝেতে কম্বল পেতে ঘুমাল। বাড়িতে অতিথি ছিলেন অনেক। কিন্তু খাবার ছিল কম। সবার সঙ্গে একত্রে বড় থালায় খাবার খেলাম। থালার যেদিকে আমি বসেছিলাম, সেদিকে বেশি করে মাংসের টুকরো ঠেলে দেওয়া হচ্ছিল।‘ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ার কারণে অনুষ্ঠানে বিঘ্ন ঘটছিল। বাড়ির লোকজন আমাকে জানালেন, ইয়েমেনে অন্যান্য পরিষেবার মতো সামপ্রতিক বছরগুলোতে বিদ্যুৎ-পরিস্থিতিরও অবনতি হয়েছে। দেশের অধিকাংশ এলাকায় আইনশৃঙ্খলার কোনো বালাই নেই। অনেক মানুষই হতদরিদ্র। পানি, তেল ও বৈদেশিক মুদ্রার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। পরদিন আমাকে তাইজ এলাকা পর্যন্ত এগিয়ে দিলেন বরের ভাই বান্দার। তিনি আমাকে জানান, এই এলাকার অধিকাংশ রাস্তাই বিদেশি সাহায্যে তৈরি। এখানে সরকার অনুপস্থিত।‘রক্ষণশীল এই দেশে অন্যান্য ক্ষেত্রের মতো বিয়ের অনুষ্ঠানেও নারীরা পুরুষদের কাছ থেকে আলাদা থাকে। হাবিবার বোনের বাড়ির ভেতরে উপস্থিত নারীরা ছিল প্রাণোচ্ছল। তাদের প্রাণবন্ত আড্ডা মুখরিত করে রেখেছিল বিয়েবাড়ির অন্দর। দল বেঁধে তারা আড্ডা দিচ্ছিল, আর এক ধরনের মাদক জাতীয় পাতা চিবুচ্ছিল। ‘আমি বুঝতে পেরেছি, ইয়েমেনের অধিকাংশ নাগরিকের মতো বিয়েবাড়িতে উপস্থিত অতিথিরাও মধ্যপ্রাচ্যে মার্কিননীতির কঠোর বিরোধী। ইতিমধ্যে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আমার পরিচয় জেনে গেছেন। বিয়ে অনুষ্ঠানের এক পর্যায়ে এক নারী আমার দিকে এগিয়ে এলেন। তাঁর স্বামী কিউবার গুয়ানতানামোর মার্কিন বন্দিশিবিরে আটক। তাঁর স্বামীকে আফগানিস্তানের কান্দাহার থেকে আটক করেছিল মার্কিন বাহিনী। এখন তাঁর অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কবে ওই বন্দিশিবির বন্ধ করবেন, আর তাঁর স্বামী বাড়ি ফিরে আসবেন।‘পরদিন সকালে আমি যখন আল-কায়েদা ছেড়ে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন নারী অতিথিরা আমাকে বিদায় দিল। পাঁচ বছরের মেয়ে মোনা আমাকে বলল, “আমাকে ভুলে যেয়ো না।” ফিরে আসার সময় মোনার কথাটিই বারবার কানে বাজছিল।’ টাইমস অবলম্বনে দাউদ ইসলাম।