আল-কায়েদা নেতা ফাজুল আবদুল্লাহ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার পূর্ব আফ্রিকা অঞ্চলের শীর্ষস্থানীয় নেতা ফাজুল আবদুল্লাহ মোহাম্মদ চলতি সপ্তাহের শুরুর দিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ধারণা করা হয়, ফাজলু আবদুল্লাহ ১৯৯৮ সালে কেনিয়ার রাজধানী নাইরোবি ও তাঞ্জানিয়ার রাজধানী দার এস সালামে মার্কিন দূতাবাসে বোমা হামলায় মুখ্য ভূমিকা পালন করেন। সোমালিয়ার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা হালিমা এডেন বলেছেন, ‘গত মঙ্গলবার মধ্যরাতে মোগাদিসুর একটি তল্লাশিচৌকিতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে ফাজুল নিহত হন। তাঁর সঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকার ভুয়া পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে, নিহত এই ব্যক্তিই ফাজুল আবদুল্লাহ। পরে তাঁকে সমাহিত করা হয়।’ফাজুল আবদুল্লাহ আল-কায়েদার পূর্ব আফ্রিকা অঞ্চলের প্রধান ছিলেন। নাইরোবি ও দার এস সালামের দূতাবাসে বোমা হামলায় ২২৪ জন নিহত হয়। ২০০২ সালে কেনিয়া উপকূলে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলায়ও তাঁর হাত ছিল বলে অভিযোগ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি ছিলেন এবং ওয়াশিংটন তাঁর মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করেছিল।গত শনিবার তাঞ্জানিয়া সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, আল-কায়েদার নেতা ফাজুলের মৃত্যু আল-কায়েদা ও এর সহযোগী কট্টরপন্থী সংগঠনের জন্য একটি বড় ধাক্কা। এর মধ্য দিয়ে পূর্ব আফ্রিকা অঞ্চলে তাঁদের তৎপরতা বাধাগ্রস্ত হবে। হিলারি বলেন, ‘এমন একজন সন্ত্রাসী শেষ হলেন, যিনি তাঞ্জানিয়া, কেনিয়া ও সোমালিয়ার অনেক নিরীহ মানুষ ও আমাদের দূতাবাসের কর্মীদের হত্যা করেছেন।’ফাজুল আবদুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সঙ্গে কাজ করছিলেন। এই গোষ্ঠীটি সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অনেকটা অংশ নিয়ন্ত্রণ করে। নিহত ফাজুল পাঁচটি ভাষায় কথা বলতে পারতেন। এ ছাড়া বোমা বানাতে ও ছদ্মবেশ ধারণ করতে ছিলেন সিদ্ধহস্ত। বিবিসি ও রয়টার্স।