ব্রিটেনের সেনাপ্রধান জেনারেল স্যার ডেভিড রিচার্ডস বলেছেন, আল-কায়েদা ও ইসলামি জঙ্গিদের পশ্চিমারা কখনোই পরাজিত করতে পারবে না। এই সত্য পশ্চিমাদের মেনে নিতে হবে। জঙ্গিদের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জন কখনোই সম্ভব নয়। তিনি বলেছেন, ইসলামি জঙ্গিবাদ ব্রিটেনের জন্য কমপক্ষে আগামী ৩০ বছর হুমকি হয়ে থাকবে। গতকাল রোববার প্রকাশিত ব্রিটেনের সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।বিবিসির নিরাপত্তাবিষয়ক সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার বলেন, রিচার্ডসের এ বক্তব্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী গোষ্ঠীগুলোর ‘নতুন বোধোদয়ের’ প্রতিফলন ঘটেছে। গত মাসে জেনারেল স্যার ডেভিড রিচার্ডস ব্রিটেনের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি আফগানিস্তানে ন্যাটো বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।সাক্ষাৎকারে রিচার্ডস বলেন, আল-কায়েদাকে কেবল ততটুকু নিয়ন্ত্রণে রাখা যেতে পারে, যার মাধ্যমে ব্রিটিশরা তাদের নিরাপদ জীবন যাপন করতে পারে। তবে চূড়ান্তভাবে তাদের পরাজিত করার লক্ষ্য কোনো দিনই অর্জিত হবে না। রিচার্ডস বলেন, ‘প্রচলিত বা গতানুগতিক যুদ্ধে সুস্পষ্টভাবে জয়-পরাজয় দৃশ্যমান হয়ে থাকে। এর মাধ্যমে বিজয়ী দেশের যোদ্ধারা বিজিত দেশের রাজধানী দখল করে নেয়। প্রথমত, ‘আপনাকে এ প্রশ্নে একমত হতে হবে যে ঠিক ওই অর্থে আমাদের ইসলামি জঙ্গিদের প্রকাশ্যে পরাজিত করার দরকার আছে কি না। আমি মনে করি, ঠিক ওই অর্থে তাদের পরাজিত করার দরকার নেই। তা অর্জনও সম্ভব নয়।’রিচার্ডস বলেন, ‘আমরা কি এ পরিবেশ বজায় রাখতে সক্ষম, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদে থাকতে পারবে? আমার মনে হয় সেটা অর্জন করা সম্ভব।’ তিনি ইসলামি জঙ্গিবাদকে ‘জঘন্য মতাদর্শ’ বলে মন্তব্য করে তার সঙ্গে নাৎসি জার্মানির তুলনা করেন। তিনি জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করার চেষ্টা না করে ‘যদ্দুর সম্ভব ঠেকানোর’ এবং জঙ্গি-অধ্যুষিত এলাকায় ‘শিক্ষা ও গণতন্ত্র’ প্রসারের চেষ্টা করা উচিত বলে মনে করেন। বিবিসি ও দ্য টেলিগ্রাফ অনলাইন।