আল-কায়েদার অর্থদাতা সুরিকে ধরিয়ে দিলে কোটি ডলার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার অর্থের সন্দেহভাজন জোগানদাতা ইয়াসিন আল-সুরিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্রে এ কথা জানা যায়।মার্কিন সরকার বলেছে, সিরীয় বংশোদ্ভূত আল-সুরি আল-কায়েদায় লাখ লাখ ডলার পাঠানো ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের জন্য ইরান থেকে সন্ত্রাসী সংগ্রহের জন্য দায়ী। আল-সুরির সঙ্গে ইরান সরকারের সম্পৃক্ততা রয়েছে বলে আভাস দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, আল-সুরি ইরানের কারাগার থেকে আল-কায়েদার জঙ্গিদের মুক্ত করা এবং তাদের পাকিস্তানে স্থানান্তরের ব্যবস্থা করেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা রবার্ট হারটাং বলেন, আল-কায়েদার মূল তহবিলদাতা হিসেবে আল-সুরি যুক্তরাষ্ট্রের স্বার্থ, মার্কিন স্থাপনা ও জনগণের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আল-সুরির অবস্থান নির্ণয় এবং তাঁর তৎপরতা বন্ধের মাধ্যমে আল-কায়েদার অর্থের গুরুত্বপূর্ণ উৎস বন্ধ করা সম্ভব।যুক্তরাষ্ট্র বলেছে, আল-সুরির বয়স মাত্র ২৯। তিনি ইজ আল-দিন আবদ আল-ফরিদ খলিল ও জয়নুল আবেদিন নামও ব্যবহার করেন। বিবিসি, সিএনএন।