আল-কায়েদার ওপর হামলা অব্যাহত থাকবে: প্যানেট্টা
ভারত সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গতকাল বুধবার বলেছেন, পাকিস্তানের আল-কায়েদা জঙ্গি ঘাঁটিতে ড্রোন (চালকবিহীন গোয়েন্দা বিমান) হামলা অব্যাহত থাকবে। কেননা, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়টি জড়িত।আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় গত সোমবার মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবি নিহত হন বলে খবর প্রকাশিত হয়। মঙ্গলবার লিবি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এর এক দিন পরই প্যানেট্টা পাকিস্তানে ড্রোন হামলা অব্যাহত রাখার ঘোষণা দিলেন।লিওন প্যানেট্টা ভারতে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা এটি অত্যন্ত পরিষ্কারভাবে জানাতে চাই, আত্মরক্ষার স্বার্থে আমরা ড্রোন হামলা অব্যাহত রাখব।’যদিও পাকিস্তান ড্রোন হামলা বন্ধে একাধিকবার যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, ড্রোন হামলা বেআইনি এবং এর মাধ্যমে পাকিস্তানের সার্বভৌমত্বকে অবজ্ঞা করছে যুক্তরাষ্ট্র।তবে প্যানেট্টা নিজ দেশের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে, আল-কায়েদার ওই সব জঙ্গি পাকিস্তানের উপজাতীয় এলাকায় আস্তানা গেড়েছে। তিনি বলেন, ওই সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত আল-কায়েদা নেতারা পাকিস্তানে অবস্থান করছেন বলে শনাক্ত হয়েছে।এদিকে গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লির ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে প্যানেট্টা বলেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন এশিয়া বিষয়ে নতুন যে সামরিক কৌশল ঠিক করেছে, এর অপরিহার্য অংশ ভারত। ভারতে আসার কারণ ব্যাখ্যা করে লিওন প্যানেট্টা বলেন, ‘সম্পর্কের ভিত্তি হবে এই অঞ্চল এবং বাকি বিশ্বের জন্য সত্যিকার অর্থে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা। আমাদের প্রতিরক্ষা সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্র গভীর হওয়া প্রয়োজন—এ কারণেই আমি ভারত এসেছি।’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘স্নায়ুযুদ্ধ যুগ হতে সব সন্দেহ-অবিশ্বাস পেরিয়ে শেষ পর্যন্ত আমরা দুই দেশ অপরিবর্তনীয়ভাবে আমাদের ইতিহাসের নতুন অধ্যায় শুরু করেছি।’গতকাল ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গেও বৈঠক করেন প্যানেট্টা। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও বেশি কৌশলগত, আরও বাস্তবভিত্তিক এবং আরও সহযোগিতামূলক হওয়া প্রয়োজন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হচ্ছে, ‘আমাদের সামরিক অংশীদারি ও উপস্থিতি ভারত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় বাড়ানো। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি এই কৌশলের অপরিহার্য অংশ।’ এএফপি।