আল-কায়েদার নেতা আওলাকি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার ইয়েমেন শাখার মার্কিন বংশোদ্ভূত নেতা আনোয়ার আল-আওলাকি বিমান হামলায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ‘কয়েকজন সঙ্গীসহ নিহত হয়েছেন সন্ত্রাসী আনোয়ার আল-আওলাকি।’ এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি।একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, আওলাকি বিমান হামলায় নিহত হয়েছেন। তাঁর সঙ্গে যাঁরা নিহত হয়েছেন, তাঁরা আল-কায়েদার সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।তবে ইয়েমেনি নিরাপত্তা বাহিনী না মার্কিন বাহিনী ওই বিমান হামলা চালায়, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। গত মে মাসে আওলাকিকে লক্ষ্য করে ড্রোন (চালকবিহীন বিমান) হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ওই হামলা ব্যর্থ হয়।ইয়েমেনের উপজাতীয় সূত্র জানায়, মারিব প্রদেশে দুটি গাড়িতে বিমান হামলায় আওলাকি নিহত হয়েছেন। সম্ভবত মার্কিন বিমান ওই হামলা চালিয়েছে। কয়েক দিন ধরে ওই এলাকায় টহল দিচ্ছিল মার্কিন বিমান। এলাকাটি আল-কায়েদার শক্ত ঘাঁটি।পরিচয় প্রকাশ না করার শর্তে একজন উপজাতীয় বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কয়েক দিন ধরে মার্কিন বিমান টহল দিচ্ছিল। আর আজ (শুক্রবার) সকাল সাড়ে নয়টার দিকে সম্ভবত একটি মার্কিন বিমান দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। আওলাকি ও তাঁর কয়েকজন সঙ্গী ওই গাড়িতে ছিলেন বলে মনে করা হচ্ছে।’উপজাতীয় অপর একটি সূত্র জানায়, আওলাকি সম্প্রতি ইয়েমেনের মধ্যে নিজের অবস্থান পরিবর্তন করেছিলেন বলে শোনা যাচ্ছিল। তিন সপ্তাহ আগেও মনে করা হতো, তিনি সাবা প্রদেশে আছেন। এরপর জানা যায়, তিনি মারিবে আশ্রয় নিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে আওলাকির খোঁজে নিরাপত্তা বাহিনী মারিবে অভিযান জোরদার করে।চলতি মাসের প্রথম দিকে ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, ইয়েমেন ও সোমালিয়ায় আল-কায়েদার অবস্থানের ওপর হামলার জন্য ওই অঞ্চলে নতুন গুপ্ত বিমান ঘাঁটি তৈরি করছে যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের অভিযোগ, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রগামী বিমানে বোমা হামলার ব্যর্থ চেষ্টা করে আওলাকির নেতৃত্বাধীন আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলা। মার্কিন কর্তৃপক্ষ তাঁকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে। তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তেমন আগ্রহ দেখায়নি ইয়েমেন। ধারণা করা হয়, পশ্চিমা দেশ থেকে আল-কায়েদার জন্য সদস্য সংগ্রহে আওলাকির বেশ হাত ছিল। রয়টার্স, এএফপি।