আল-কায়েদার প্রধান পরিকল্পনাকারী ১৫ বছর যুক্তরাষ্ট্রে বাস করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নয়া প্রধান পরিকল্পনাকারী ১৫ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এখানে থেকেই তিনি যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য অংশে হামলার ছক কষেছেন। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার এই নেতার নাম আদনান শুকরিজুমা। বয়স ৩৫ বছর। যুক্তরাষ্ট্র সম্পর্কে তাঁর অভিজ্ঞতা খুব ভালো। দেশটির নানা দিক সম্পর্কে তাঁর জ্ঞান প্রচুর। এ জন্য মার্কিন তদন্তকারীরা তাঁকে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি হিসেবে মনে করছেন। ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদ গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন আদনান। এএফবিআই কর্মকর্তারা মনে করছেন, আদনান বর্তমানে যে দায়িত্ব পালন করছেন সেটি করতে গিয়ে প্রায়ই তাঁকে ওসামা বিন লাদেনসহ আল-কায়েদার ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগ করতে হয়।মিয়ামিভিত্তিক সন্ত্রাসবিরোধী কর্মকর্তা ব্রিয়ান লিব্লান্স মনে করছেন, তিনি বর্তমানে খোদ যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা বিশ্বে আঘাত হানার ষড়যন্ত্র করছেন।মার্কিন কর্মকর্তাদের মতে, আদনান অত্যন্ত সুচতুর ব্যক্তি। সব পরিস্থিতিতে কাজ করতে অভ্যস্ত। ড্রাইভিং লাইসেন্স বের করা তাঁর জন্য কোনো ব্যাপারই না। পাসপোর্ট করার কৌশলও তাঁর করায়ত্ত। হামলার জন্য কীভাবে লোক সংগ্রহ করতে হয় তাও জানেন তিনি।সম্প্রতি লন্ডন ও নরওয়ের পাতাল রেলে ব্যর্থ হামলার পেছনে আদনানের হাত ছিল বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।আদনানের বাবা ছিলেন সৌদি আরবের একজন ইমাম। ছোটবেলায় আদনান বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন। বসবাস করতে থাকেন নিউইয়র্ক ও ফ্লোরিডায়। তাঁর দুজন সহকর্মী পাকিস্তানে মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর আদনান আরও জোরেশোরে তৎপরতা শুরু করেন। তাঁর মা জুরাহ আদবু আহমেদ এখন দক্ষিণ ফ্লোরিডায় বাস করেন। ছেলের ব্যাপারে তাঁর মন্তব্য হলো, ‘৯/১১ হামলার পর তাঁর সঙ্গে আমার আর দেখা হয়নি।’ মার্কিন কর্তৃপক্ষ মনে করছে, ১৯৯০ সালের শেষ দিকে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যান। সফর করেন ত্রিনিদাদ ও লন্ডন। এরপর যান আফগানিস্তানে। সেখানে বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নেন। ২০০৩ সালে এএফবিআই তাঁকে মোস্ট ওয়ান্ডেড তালিকাভুক্ত করে। তখন থেকে হন্যে হয়ে মার্কিন গোয়েন্দারা তাঁকে খুঁজে বেড়ালেও আজ পর্যন্ত তাঁর নাগাল পায়নি।