গত ২৫ ডিসেম্বর মার্কিন যাত্রীবাহী বিমানে সন্ত্রাসী হামলার চেষ্টার সঙ্গে আল-কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এই হামলার পরিকল্পনার সঙ্গে আল-কায়েদার ইয়েমেন শাখা জড়িত। আল-কায়েদার ইয়েমেন শাখাই নাইজেরীয় চরমপন্থীকে সন্ত্রাসী প্রশিক্ষণ দিয়েছে এবং তাঁকে অস্ত্র সরবরাহ করেছে। এমনকি ওই চরমপন্থীকে যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলার নির্দেশ ইয়েমেনভিত্তিক আল-কায়েদাই দিয়েছে। খবর এএফপির। সাপ্তাহিক নিয়মিত রেডিও ও ভিডিও ভাষণে প্রেসিডেন্ট ওবামা গতকাল শনিবার এসব কথা বলেছেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে এ ভাষণ প্রচারিত হয়েছে।ওবামা তাঁর ভাষণে এ হামলার পরিকল্পনার জন্য আল-কায়েদাকে দেখে নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীদের মূলোত্পাটনে লড়াই করে চলেছে যুক্তরাষ্ট্র।গত ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রগামী একটি যাত্রীবাহী বিমানে সিরিঞ্জ বোমা দিয়ে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেন নাইজেরীয় চরমপন্থী ওমর ফারুক আবদুল মোতালেব। ডেট্রয়েট বিমানবন্দরে অবতরণ করার কিছু আগে ওমর সিরিঞ্জ বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিমানটি উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু যাত্রীদের হস্তক্ষেপে তাঁর এ চেষ্টা ব্যর্থ হয়ে যায়।নাইজেরীয় চরমপন্থী ওমরকে ইঙ্গিত করে ওবামা বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে তিনি ইয়েমেন সফরে গিয়েছিলেন। সেখানে আল-কায়েদার সঙ্গে কাজ করেছেন তিনি। সন্ত্রাসী এ সংগঠনটিই তাঁকে প্রশিক্ষণ দিয়েছে এবং বিস্ফোরক সরবরাহ করেছে। এমনকি ওমরকে যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলা চালানোর নির্দেশও দেয় আল-কায়েদা।’এর আগে মার্কিন কর্মকর্তারা এ হামলার পরিকল্পনার সঙ্গে আল-কায়েদার জড়িত থাকার ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এ পরিকল্পনার সঙ্গে সংগঠনটি জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তাঁরা।ওবামা আরও বলেন, ইয়েমেনে জঙ্গি তত্পরতা বন্ধে যুক্তরাষ্ট্র তার সহযোগিতা বৃদ্ধি করেছে। ইতিমধ্যে সেখানকার জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংগঠনটির নেতাদের দমন করা হয়েছে। তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে। বড়দিনের এ হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সবাইকে কড়া মাশুল দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।ওবামা বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের পরাস্ত করতে এবং যুক্তরাষ্ট্রকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করব আমরা।’বিমানে সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনায় গঠিত তদন্ত কমিটির ফলাফল নিয়ে প্রেসিডেন্ট ওবামা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সরকারি বিভাগের প্রধানের সঙ্গে শিগগিরই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।