আল-কায়েদার সঙ্গে যোগ দিয়েছে আল-শাবাব
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে যোগ দিয়েছে সোমালিয়ার ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-শাবাব। আল-কায়েদার প্রধান আইমান আল-জাওয়াহিরি গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন। আল-কায়েদার প্রচার বিভাগ আস-সাহাব ও আল-শাবাব যৌথভাবে ওই ভিডিওবার্তা প্রকাশ করে। এতে জাওয়াহিরি বলেন, ‘আল-শাবাব যোদ্ধাদের আল-কায়েদায় যোগদান ইসলামি দেশগুলোর জন্য একটি সুসংবাদ। পশ্চিমাদের সহিংস অভিযান সত্ত্বেও আল্লাহ্র রহমতে মুুসলিম দেশগুলোতে জিহাদি আন্দোলন গড়ে উঠছে এবং তা ছড়িয়ে পড়ছে।’ভিডিওচিত্রের প্রথম অংশে বক্তব্য দেন আল-শাবাব নেতা আহমেদ আবদি গোদানে ওরফে মুখতার আবু জুবাইর। তিনি জাওয়াহিরিকে উদ্দেশ করে বলেন, ‘মুজাহিদিন ভাই, নেতা ও যোদ্ধাদের নামে আমি আপনার প্রতি আনুগত্য প্রকাশ করছি। বিশ্বাসী সেনাদলের মতো আমরা আপনাকে অনুসরণ করব। শহীদ ওসামা বিন লাদেন যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সেই জিহাদি পথে আমাদের নেতৃত্ব দিন।’জাওয়াহিরি বলেন, ‘ইসলামের অনুসারীদের ওপর মার্কিন-ইথিওপীয়-কেনীয়দের মুখে হামলার মুখে আল-শাবাব মুজাহিদিনরা ছিলেন পাথরের মতো অবিচল।’সোমালিয়ার বেলেদুয়েনে শহরে ইথিওপিয়ার সামরিক ঘাঁটিতে গত ২৪ জানুয়ারি আত্মঘাতী বোমা হামলা করেন আল-শাবাবের একজন যোদ্ধা। ওই হামলায় ইথিওপিয়ার ৩০ নাগরিক নিহত হন বলে দাবি করেছে আল-শাবাব। তবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার দক্ষিণ ও মধ্যভাগের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করে আল-শাবাব। তবে সংগঠনটি কয়েকটি এলাকায় বর্তমানে চাপের মুখে রয়েছে। সরকারি বাহিনী ও স্থানীয় সেনারা এ চাপ সৃষ্টি করেছে। সোমালিয়ায় পশ্চিমা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত করতে চায় আল-শাবাব। সংগঠনটির সঙ্গে লড়াই করছে প্রতিবেশী দেশ কেনিয়া ও ইথিওপিয়ার সেনাবাহিনী। এ ছাড়া উগান্ডা, বুরুন্ডি ও জিবুতির সেনাদের সমন্বয়ে গঠিত আফ্রিকান ইউনিয়নের একটি বাহিনী মোগাদিসুতে আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধরত রয়েছে। সোমালিয়ায় গত ৬০ বছরের মধ্যে ভয়াবহতম দুর্ভিক্ষ চলাকালে বিদেশি বিভিন্ন সংস্থার দেওয়া ত্রাণ বর্জনের নীতি অবলম্বন করায় আল-কায়েদার জনপ্রিয়তা কিছুটা কমে যায়। এএফপি ও বিবিসি।