আল-কায়েদার সেই জঙ্গি যুক্তরাষ্ট্রের চর!
যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলা চালাতে আল-কায়েদা যাঁকে ‘অন্তর্বাস বোমা’ দেয়, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করতেই আল-কায়েদায় অনুপ্রবেশ করেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এসব প্রতিবেদনে ওই ব্যক্তিকে ‘ডবল এজেন্ট’ বলে উল্লেখ করা হয়েছে।মার্কিন কর্মকর্তারা গত সোমবার জানান, ২ মে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন হত্যার বর্ষপূর্তি সামনে রেখে যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী একটি বিমানে হামলার ষড়যন্ত্র করে আল-কায়েদার আরব উপদ্বীপ শাখা (একিউএপি)। তবে দক্ষতার সঙ্গে তা নস্যাৎ করে দেওয়া হয়।মার্কিন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদায় অনুপ্রবেশকারী ওই ব্যক্তি একিউএপি নেতৃত্বকে বোঝাতে সক্ষম হন, তিনি আত্মঘাতী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমান ধ্বংস করবেন। এতে বিশ্বাস করে একিউএপি তাঁকে অন্তর্বাস বোমা দেয়। সেই বোমা তিনি গত মাসে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—সিআইএ ও সৌদি আরবের গোয়েন্দাদের হাতে তুলে দেন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সেই বোমা তদন্ত করে দেখছে। আর ওই ব্যক্তি এখন সৌদি আরবে ‘নিরাপদে’ আছেন।মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, ইয়েমেনে আল-কায়েদার সঙ্গে লড়াইয়ে ওই দেশের সামরিক বাহিনীর দক্ষতা বাড়াতে সামরিক প্রশিক্ষক পাঠানো হবে।আল-কায়েদায় অনুপ্রবেশকারী ওই ব্যক্তি ইয়েমেন থেকেই অন্তর্বাস বোমা নিয়ে সৌদি আরবে চলে যান।মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, অনুপ্রবেশকারী ওই ব্যক্তি একিউএপির সঙ্গে কয়েক সপ্তাহ কাটাতে সক্ষম হন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার ইয়েমেনে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা ফাহদ আল কুসোকে।মার্কিন জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান, অন্তর্বাস বোমা এমনভাবে তৈরি করা হয়, যা বিমানবন্দরে পর্যাপ্ত তল্লাশির পরও শনাক্ত করা সম্ভব হয় না।২০০৯ সালের বড়দিনে একিউএপি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী একটি বিমানে হামলার ষড়যন্ত্র করেছিল। হামলার চেষ্টাকারী নাইজেরিয়ান নাগরিক আবদুল মুত্তালেব ‘অন্তর্বাস বোমা’ ব্যবহার করে ওই ব্যর্থ চেষ্টা চালান।নিউইয়র্ক টাইমস মার্কিন এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, সম্প্রতি পাওয়া অন্তর্বাস বোমা দিয়ে নিঃসন্দেহে বিমান ধ্বংস করা যেত।দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ডবল এজেন্ট ওই ব্যক্তি সৌদি আরবের গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে ছিলেন। সৌদি আরব একিউএপির কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করে বলে যুক্তরাষ্ট্র সৌদি গোয়েন্দাদের এই সুযোগ দেয় বলে ধারণা করা হয়। এএফপি, বিবিসি।