আল-কায়েদার হুমকির পর কার্লা ব্রুনির নিরাপত্তা জোরদার
সন্ত্রাসী হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কা থেকে ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্রুনির নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের একটি সংবাদ ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে। আফগানিস্তানের যুদ্ধে ফ্রান্সের ভূমিকা এবং ফ্রান্সে আইন করে বোরকা পরা নিষিদ্ধ করার প্রতিশোধ হিসেবে আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেন ফরাসি নাগরিকদের হত্যা করার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে কার্লা ব্রুনির নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।গত সপ্তাহে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওসামা বিন-লাদেন সতর্ক করেন, ‘এটা সহজ একটি সমীকরণ: যদি আপনি হত্যা করেন, আপনাকেও হত্যা করা হবে।’ নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, হামলা চালানোর ক্ষেত্রে আল-কায়েদার তালিকায় ওপরের দিকেই রয়েছে কার্লা ব্রুনির নাম।ওয়েবসাইটের খবরে বলা হয়, প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর কাছে তুলনামূলক আস্থাভাজন গোয়েন্দা সূত্র থেকে তথ্য এসেছে, প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও তাঁর স্ত্রীর ওপর হামলা করার হুমকি রয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর চারপাশে সব সময়ই কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। সশস্ত্র প্রহরা ছাড়া কার্লা ব্রুনির বাইরে চলাফেরার প্রশ্নই আসে না। তাঁর সফরসূচির পরিকল্পনা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়।’ খবরে আরও বলা হয়, এখন থেকে কার্লা ব্রুনি নির্দিষ্ট একটি গাড়িতে ভ্রমণ করবেন না। এ ছাড়া ব্রুনির ছেলে, মা, বোনও বিশেষ নিরাপত্তা পাবেন। তবে এই নিরাপত্তা পদক্ষেপের বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ডেইলি মেইল অনলাইন।