আল-জাজিরা ফিলিস্তিন সরকারের পতন ঘটাতে চেয়েছিল: আব্বাস
ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত রোববার বলেছেন, আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক তাঁর সরকারের পতন ঘটাতে চেয়েছিল। কিন্তু ফিলিস্তিনিরা তাদের মিথ্যা ও বিকৃত খবরের সমুচিত জবাব দিয়েছে। জেরুজালেম পোস্ট পত্রিকায় গতকাল সোমবার এ খবর প্রকাশ করা হয়।মাহমুদ আব্বাস বলেন, আল-জাজিরা ভেবেছিল, ফিলিস্তিনিরা তিউনিসীয়দের মতো; তাই তারা মিথ্যা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল, তিউনিসিয়ায় যা ঘটেছে, ফিলিস্তিনেও তাই ঘটবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আল-জাজিরা মনে করেছিল, তারা আমাদের (ফিলিস্তিনি কর্তৃপক্ষকে) শেষ করে দিতে পারবে। কিন্তু ফিলিস্তিনের জনগণ তাদের মিথ্যা ও বিকৃত খবরে সাড়া দেয়নি। বরং উল্টো রুখে দাঁড়িয়েছে।’আব্বাস এমন এক সময় আল-জাজিরার ওপর ক্ষোভ ঝাড়লেন, যখন মিসরীয় কর্তৃপক্ষ কায়রোতে আল-জাজিরার কার্যালয় বন্ধ করে দিয়েছে এবং এর সব কর্মীর পরিচয়পত্র প্রত্যাহার করে নিয়েছে।এদিকে ক্ষমতাসীন ফাতাহ দলের নেতারা মিসরের পথ অনুসরণ করে পশ্চিম তীরেও আল-জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে তাঁদের যুক্তি হচ্ছে, ওই টেলিভিশন নেটওয়ার্কটি ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে।ফিলিস্তিন কর্তৃপক্ষ মিসরের সাম্প্রতিক গণ-আন্দোলনের ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে, মোবারকের পতন হলে এ অঞ্চলের আধুনিক আরবদের জন্য তা বিপর্যয় ডেকে আনবে। এ ব্যাপারে ফিলিস্তিন কর্তৃপক্ষের একজন নেতা বলেন, তাঁরা গভীর উদ্বেগের সঙ্গে মিসরের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন। তাঁদের ধারণা, মিসরে মোবারকের পতন হলে এ অঞ্চলে হামাস ও মুসলিম ব্রাদারহুডের শক্তি বেড়ে যাবে। তবে ফাতাহ কর্মকর্তা ও মাহমুদ আব্বাসের উপদেষ্টা আজম আল আহমেদ জানান, আন্তর্জাতিক বা অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার ফিলিস্তিনিদের নেই। মিসরের রাজনৈতিক দল ও জনগণের ইচ্ছার প্রতি তাঁদের পূর্ণ শ্রদ্ধা থাকবে। তাঁরা আশা করছেন, মিসরে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এবং আইনশৃঙ্খলা-পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে। তিনি আরও বলেন, মিসরের ঘটনা ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো প্রভাব ফেলবে, এমন ভয় তাঁরা করছেন না।এদিকে হামাসের একটি সূত্র বলেছে, মিসরের চলমান আন্দোলনের কোনো প্রভাব গাজা উপত্যকার কয়েক ডজন ভূ-গর্ভস্থ সুড়ঙ্গের ওপর পড়েনি। মিসরের সঙ্গে সংযোগকারী সুড়ঙ্গগুলো এখনো চালু আছে।সংগঠনটি মিসর ও তিউনিসিয়ার দৃষ্টান্ত অনুসরণ করে আরব নেতাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানায়। হামাসের বিবৃতিতে বলা হয়, গাজায় পর্যাপ্ত জ্বালানি ও খাদ্য মজুদ আছে।মিসরের সঙ্গে সংযোগকারী ওই সুড়ঙ্গগুলো দিয়ে হামাস অস্ত্রসহ বিভিন্ন নিত্যপণ্য সে দেশ থেকে আমদানি করে থাকে। সম্প্রতি গাজায় গুজব ছড়িয়ে পড়ে, মোবারক-বিরোধী আন্দোলনের কারণে সুড়ঙ্গগুলো বন্ধ হয়ে গেছে। এতে গাজাবাসীর মধ্যে উদ্বেগ বৃদ্ধি পায়। আর এই পরিপ্রেক্ষিতে হামাস ওই বিবৃতি দেয়।মিসরের জেল থেকে পালানো হামাসের পাঁচ সদস্য গত রোববার ওই সুড়ঙ্গ দিয়ে গাজায় ফিরে এসেছেন। মিসরের চলমান আন্দোলনের সময় কয়েক দিন আগে একটি জেল থেকে যে কয়েক হাজার বন্দী পালিয়ে যায়, এই পাঁচ সদস্য তাঁদের অন্যতম। দেশে ফিরে তাঁরা সাংবাদিকদের জানান, তাঁদের সঙ্গে ছিলেন, এমন অনেক রাজনৈতিক বন্দীকে মিসরের পুলিশ গুলি করে হত্যা করেছে। তাঁদের ওপর গত তিন বছর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। জেরুজালেম পোস্ট।