আল জাজিরা বন্ধের আহ্বান গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ
কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে দেশটির প্রতি আল জাজিরা টেলিভিশন চ্যানেল বন্ধ করতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন যে আহ্বান জানিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।
এমন আহ্বানকে স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে এক অগ্রহণযোগ্য হামলা বলেও আখ্যায়িত করেছে সংস্থাটি।
সংস্থার মুখপাত্র রুপার্ট কলভিলকে উদ্ধৃত করে গত শুক্রবার ইএফই নিউজ বলেছে, ‘আপনারা এই চ্যানেল দেখেন বা না দেখেন, পছন্দ করেন বা না করেন, এর সম্পাদকীয় অবস্থান সমর্থন করেন বা না করেন আল জাজিরার আরবি ও ইংরেজি ভাষার সম্প্রচার বৈধ। এর কোটি কোটি দর্শক রয়েছে। আমাদের মত হলো, এটা বন্ধের আহ্বান মতপ্রকাশের স্বাধীনতার জন্য অগ্রহণযোগ্য আঘাত।’
মুখপাত্র আরও বলেন, কাতারের সম্প্রচারমাধ্যম ও সংশ্লিষ্ট গণমাধ্যম বন্ধের আহ্বান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কমিশনার জাইদ রা’দ আল-হোসেন।
মুখপাত্র আরও বলেন, হাইকমিশনার আবারও সংশ্লিষ্ট পাঁচ দেশের প্রতি একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও আইনসম্মত পন্থায় বিরোধ মেটাতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
জাতিসংঘের সহায়তা কামনা
আল জাজিরা জানায়, কাতারের ওপর থেকে আরব উপসাগরীয় দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অবসানে সহায়তা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ওই নিষেধাজ্ঞা আরোপের প্রায় এক মাস পর তা তুলে নিতে এ আহ্বান জানালেন উপসাগরীয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাতার মিশনে শুক্রবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি তাঁর দেশের পাশে থাকার বিষয়ে প্রকাশ্য ঘোষণা দেওয়ার অনুরোধ জানান।