আল-জাজিরার ২০ সাংবাদিকের বিচার করছে মিসর
মিসরে সম্প্রতি নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন দেওয়ার অভিযোগে আল-জাজিরার ২০ জন সাংবাদিককে বিচারের আওতায় আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের মিসরের একটি আদালতে হাজির করা হয়।
অভিযুক্ত সাংবাদিকদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার পুরস্কারজয়ী সাংবাদিক পিটার গ্রেস্ট ও মিসরীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক মোহাম্মদ ফাদিল ফাহমি।
সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন, কাতারভিত্তিক আল-জাজিরার এসব সাংবাদিক বিভিন্ন ঘটনার টেলিভিশন ফুটেজ নিজেদের সুবিধামতো তৈরি করে সরকারের বিরুদ্ধে প্রচার ও ব্রাদারহুডকে সমর্থন করেছেন। এই ২০ সাংবাদিকের মধ্যে আটজন নিরাপত্তা হেফাজতে রয়েছেন। যুক্তরাজ্যের দুই সাংবাদিকসহ বাকিদের অনুপস্থিতিতে বিচার চলবে বলে মিসরের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন।
সরকারি কৌঁসুলিরা বলেন, আল-জাজিরার সাংবাদিকেরা বিশ্ববাসীর সামনে মিসরকে হেয়প্রতিপন্ন করেছেন। দেশটিতে ‘গৃহযুদ্ধ’ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রচার করেছেন।
তবে সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আল-জাজিরা বলেছে, অভিযুক্ত সাংবাদিকদের মধ্যে নয়জন তাদের। তাঁরা কেবল মিসরের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছেন। এএফপি।