আল-শাবাবের শেষ ঘাঁটিতে ঢুকে পড়েছে এইউ বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাবের শেষ শক্ত ঘাঁটি বন্দর নগর কিসমায়োতে ঢুকে পড়েছে আফ্রিকান ইউনিয়নের (এইউ) বাহিনী। অভিযানে অংশ নেওয়া কেনিয়ার সেনাবাহিনী গতকাল শুক্রবার এ দাবি করেছে। তবে আল-শাবাবের পক্ষ থেকে বলা হয়েছে, শহরে এখনো কোনো সেনা ঢুকতে পারেনি।কেনিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সাইরাস আগুনা বলেন, এইউ বাহিনী স্থল ও আকাশ—দুই পথেই অভিযান পরিচালনা করছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে যৌথ বাহিনী কিসমায়ো শহরে ঢুকে পড়ে। এইউ বাহিনী এরই মধ্যে শহরটির অংশবিশেষের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।মুখপাত্র সাইরাস আগুনা জানান, এখনই হতাহতের সংখ্যা জানানো সম্ভব হচ্ছে না। ক্ষয়ক্ষতির হিসাবও করা হয়নি। কিসমায়ো একটি বিরাট শহর। শহরের কিছু অংশ এখনো আল-শাবাব জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে আল-শাবাবের স্থানীয় কমান্ডার শেখ মোহাম্মদ আবু ফাতুমা কিসমায়ো শহরে এইউ বাহিনী ঢুকে পড়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘ভোররাতের দিক থেকে শত্রুরা নৌকাযোগে উপকূলে সেনা মোতায়েন করে। তাদের সঙ্গে মুজাহিদ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। শত্রুরা এখনো শহর থেকে নয় কিলোমিটার দূরে অবস্থান করছে।’ আবদুল্লাহি ইয়াকুব নামের একজন বাসিন্দা জানান, শহরের নিয়ন্ত্রণ এখনো জঙ্গিদের হাতে। রেডিও আন্দালুস থেকে জনগণকে জিহাদে অংশ নিতে আহ্বান জানানো হচ্ছে। কিসমায়ো শহরই আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাবের শেষ শক্ত ঘাঁটি। বন্দর নগর হওয়ায় তাদের আয়েরও একটি বড় উৎস ছিল এই শহর। এর আগে এইউ বাহিনীর অভিযানে সোমালিয়ার অধিকাংশ শক্ত ঘাঁটি থেকেই উচ্ছেদ হয় আল-শাবাব। ১৭ হাজার সেনার এই এইউ বাহিনীতে কেনিয়া ও ইথিওপিয়ার সেনাদলও রয়েছে। এএফপি, বিবিসি।