আলজেরিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে নিহত ৩৪, মুক্ত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরীয় বাহিনী ইসলামি জঙ্গিদের কবল থেকে বিদেশি জিম্মি উদ্ধারে গতকাল বৃহস্পতিবার জঙ্গিদের ওপর হেলিকপ্টার হামলা চালিয়েছে। আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় আমেনাস শহরের একটি গ্যাস স্থাপনায় ওই বিদেশি শ্রমিকদের জিম্মি করে রেখেছিল জঙ্গিরা। আগ থেকেই আলজেরীয় বাহিনী গ্যাস কমপ্লেক্সটি ঘিরে রেখেছিল। আল-জাজিরা জানিয়েছে, উদ্ধার অভিযানকালে অন্তত ৩৪ জন জিম্মি ও ১৫ জঙ্গি নিহত হয়েছে, মুক্ত হয়েছে চার জিম্মি। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে জানায়, এ অভিযানকালে বেশ কয়েকজন নিহত হয়েছে। মৌরিতানিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সাতজন জিম্মি জীবিত আছে। এ ঘটনায় আলজেরিয়া সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। জানা যায়, ফ্রান্সের মালি অভিযান বন্ধ করতে ইসলামি জঙ্গিরা ওই বিদেশি শ্রমিকদের জিম্মি করে। এর আগে আলজেরিয়া সরকার জানিয়েছিল, জঙ্গিরা ২০ জন বিদেশি নাগরিককে জিম্মি করে রেখেছে। জিম্মি করা বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নরওয়ের নাগরিক রয়েছে। বিবিসি।