আলজেরিয়ায় শতাধিক বিদেশি জিম্মি মুক্ত
আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় গ্যাসক্ষেত্রে ইসলামি জঙ্গিদের হাতে আটকে থাকা ১৩২ জন বিদেশি জিম্মির মধ্যে শতাধিক জিম্মি মুক্ত করা হয়েছে। জিম্মি উদ্ধারে গতকাল শুক্রবার পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। গতকাল শুক্রবার দেশটির সরকার-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এপিএস একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরও জানায়, বিদেশি জিম্মি উদ্ধারে বেশ ভালো অগ্রগতি হয়েছে। তবে এখন পর্যন্ত আরও ৩০ জন বিদেশি জিম্মির ভাগ্য সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। গতকালের অভিযানে সেনা ও জঙ্গিদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা-ও নিশ্চিত করেনি বার্তা সংস্থাটি। এদিকে গত বৃহস্পতিবার সেনা অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। তাঁদের মধ্যে ৩০ জন জিম্মি ও ১১ জন ইসলামপন্থী জঙ্গি। গতকাল আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন বিদেশি নাগরিক। জঙ্গিরা দাবি করেছিল, তাদের হাতে অন্তত ৪১ জন বিদেশি জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে চারজন পালাতে সক্ষম হন।আলজেরিয়ার সরকার-নিয়ন্ত্রিত বার্তা সংস্থার এর আগের খবরে বলা হয়, দুজন ব্রিটিশ ও দুজন ফিলিপাইন নাগরিক নিহত হয়েছেন। এর আগে বুধবার বিদেশি কর্মীদের বাসে করে বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে অতর্কিত হামলায় একজন ব্রিটিশ ও আলজেরিয়ার এক নাগরিক নিহত হন। তবে জঙ্গিদের এক মুখপাত্রের বরাত দিয়ে মৌরিতানিয়ার বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, নিহতের সংখ্যা ৫০। তাঁদের মধ্যে ৩৫ জন জিম্মি ও ১৫ জন জঙ্গি। সকালে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানায়, অভিযান পুরোপুরি শেষ হয়নি। ওই গ্যাসক্ষেত্রে জিম্মি ২০ জন নাগরিকের ভাগ্যে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৪ জন জাপানি নাগরিক নিখোঁজ রয়েছেন। তবে সে দেশের তিনজন নাগরিক ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন। জিম্মি উদ্ধারে সেনাবাহিনীর অভিযানের ঘটনায় টোকিওতে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূতকে গতকাল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভাল বলেছেন, দুজন ফরাসি শ্রমিক নিরাপদে রয়েছেন। তবে অপর দুজনের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। ফিলিপাইনের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গতকাল জানিয়েছেন, বিদেশি জিমিঞ্চদের মধ্যে ২০ জনেরও বেশি ফিলিপিনো রয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কোনো ফিলিপিনো রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইএস ক্যাটারিং কোম্পানির প্রধান নির্বাহী রেগিস আরনোউক্স জানান, গ্যাসক্ষেত্রে তাঁদের ১৫০ আলজেরীয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের মালি অভিযানের প্রতিবাদে বুধবার আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিরা ওই গ্যাসক্ষেত্র দখল করে এবং কয়েক শ শ্রমিককে জিম্মি করে রাখে। বিবিসি।