আলঝেইমার রোগ মস্তিষ্কের এক অংশ থেকে আরেক অংশে সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে। নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়ার কথা দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। গত বুধবার তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ অনলাইন সাময়িকী পিএলওএসে প্রকাশিত হয়।বিজ্ঞানীদের দাবি, নতুন এই উদ্ভাবন রোগটির বিস্তার রোধে চিকিৎসা-প্রক্রিয়া উন্নত পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করবে।দ্য কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের (সিইউএমসি) গবেষকেরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে আলঝেইমার সম্পর্কে উল্লিখিত সিদ্ধান্তে পৌঁছান। গবেষণায় দেখা গেছে, রোগটির সঙ্গে যোগসূত্র থাকা অস্বাভাবিক এক ধরনের প্রোটিন মস্তিষ্কের মধ্যে সঞ্চালিত হয়। ওই প্রোটিন স্নায়ুকোষগুলোয় দ্রুত ছড়িয়ে পড়ে।গবেষণায় অংশ নেওয়া স্নায়ুবিদ স্কট স্মল বলেন, এই গবেষণার ফলাফল থেকে পাওয়া তথ্যের সবচেয়ে কার্যকর দিক হচ্ছে, এর মাধ্যমে ক্যানসারের চিকিৎসার মতো আলঝেইমারের চিকিৎসা করা যাবে। তার আগে রোগটি শনাক্ত করে এর বিস্তার ঠেকানো। আলঝেইমার মস্তিষ্কের একটি জটিল রোগ। এর সঙ্গে স্মৃতিবিভ্রাটের যোগসূত্র রয়েছে। এর কোনো সঠিক চিকিৎসা নেই। যুক্তরাষ্ট্রের আলঝেইমারস অ্যাসোসিয়েশনের তথ্যমতে, সে দেশে ৫৪ লাখ আলঝেইমার রোগী রয়েছে। যুক্তরাষ্ট্রে মৃত্যুর বিভিন্ন কারণের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে এ রোগটি। এএফপি।