সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে সহায়তা দিতে মার্কিন অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় দেশ আলবেনিয়া। সিরিয়ার কিছু অস্ত্র আলবেনিয়ায় নিয়ে গিয়ে তা ধ্বংস করতে দেশটিকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।
আলবেনিয়া গত বৃহস্পতিবার মার্কিন অনুরোধের বিষয়টি নিশ্চিত করে। এদিকে এ কাজে না জড়াতে রাজধানী টিরানায় বিক্ষোভ হয়েছে। আলবেনিয়া সরকার অবশ্য এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
আলবেনিয়ার পার্লামেন্টের স্পিকার ইলির মেতা গত বৃহস্পতিবার টপ চ্যানেল টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অনুরোধের বিষয়টি প্রকাশ করেন। স্পিকার বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এ ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। স্বচ্ছতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেশের স্বার্থের বিষয়টি মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্পিকার আরও বলেন, এ কাজ করার মতো সামর্থ্য আলবেনিয়ার আছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, ‘বিশ্বের অনেক বড় বা উন্নত দেশও রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ করতে রাজি হবে না।’
এদিকে সিরিয়ার কোনো রাসায়নিক অস্ত্র আলবেনিয়ায় না নিতে বিক্ষোভ হয়েছে টিরানায়। বিক্ষোভকারীরা রাসায়নিক অস্ত্রবিরোধী নানা স্লোগান দেন। বর্জ্য আমদানিবিরোধী জোট অ্যালায়েন্স অ্যাগেইনস্ট ওয়েস্ট ইমপোর্টের সাইগা গুরি বলেন, আলবেনিয়াকে বর্জ্যের ভাগাড়ে পরিণত করে জনগণের জীবন ঝুঁকির মুখে ফেলে দেওয়া উচিত হবে না। এএফপি।