আলবেনিয়ার কমিউনিস্ট নেতা রমিজ আলিয়া মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলবেনিয়ার শেষ কমিউনিস্ট নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট রমিজ আলিয়া গত শুক্রবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা বলা হয়। প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র মিমোজা কোচিও এএফপিকে বলেন, আলিয়া শুক্রবার রাজধানী তিরানার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি ফুসফুসে সংক্রমণ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। স্ট্যালিনবাদী স্বৈরশাসক এনভার হোজার ১৯৮৫ সালে মৃত্যুর পর দেশটির কমিউনিস্ট পার্টির ক্ষমতা গ্রহণ করেন আলিয়া। ১৯৯০ সালে তিনি দেশটিতে বহুদলীয় গণতান্ত্রিক সংস্কার-প্রক্রিয়া শুরু করেন। ১৯৯১ সালে প্রথমবারের মতো দেশটিতে বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আলিয়ার দল জয়লাভ করে এবং তিনি দেশটির প্রেসিডেন্ট হন। আলবেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট সালি বেরিশার নেতৃত্বাধীন বিরোধী ডেমোক্রেটিক পার্টি ১৯৯২ সালে অনুষ্ঠিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করলে আলিয়া পদত্যাগে বাধ্য হন।পদত্যাগের পাঁচ মাস পর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার এবং ১৯৯৪ সালে কারাদণ্ড দেওয়া হয়। এর এক বছর পর মুক্তি পান তিনি। ১৯৮৬ থেকে ১৯৯১ সালের মধ্যে দেশ ছেড়ে পালানোর সময় দেশটির সীমান্তরক্ষীরা (বর্ডার গার্ড) কমিউনিস্টবিরোধী ৫৮ জনকে হত্যা করে। এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৯৯৬ সালে আলিয়ার আবারও তিন বছরের কারাদণ্ড হয়।১৯৯৭ সালে এক কারাবিদ্রোহের সময় তিনি পালিয়ে সুইডেন চলে যান। পরে অবশ্য তাঁকে আলবেনিয়ায় প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া হয়। আলিয়ার জন্ম ১৯২৫ সালের ১৯ অক্টোবর তিরানার উত্তর-পশ্চিমের স্কোদের এলাকায়, এক মুসলিম পরিবারে। তিনি ১৯৪১ সালে মাত্র ১৬ বছর বয়সে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। সাত বছর পরই তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যপদ লাভ করেন। মস্কোতে পড়াশোনার পর ১৯৬১ সালে পুলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন তিনি। এএফপি।