আলাবামা ও মিসিসিপিতে স্যান্টোরামের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আলাবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির প্রাইমারিতে প্রধান প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে পরাজিত করে জয় পেয়েছেন রিক স্যান্টোরাম। মঙ্গলবার রাতে ওই ভোট গ্রহণ করা হয়। উভয় অঙ্গরাজ্যেই হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার নিউট গিংরিচ দ্বিতীয় এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনি তৃতীয় স্থানে রয়েছেন। আলাবামায় স্যান্টোরাম ৩৫ শতাংশ ভোট পেয়ে জয় পান। নিউট গিংরিচ ৩০ শতাংশ এবং রমনি পেয়েছেন ২৮ শতাংশ ভোট। মিসিসিপিতে স্যান্টোরাম ৩৩ শতাংশ, গিংরিচ ৩১ এবং রমনি ৩০ শতাংশ ভোট পেয়েছেন। এ দুটি অঙ্গরাজ্যে স্যান্টোরাম ভালো ফল করা সত্ত্বেও রমনিকে পরাজিত করতে গিংরিচকে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গিংরিচ দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছেন, প্রাইমারি শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি প্রতিযোগিতা চালিয়ে যাবেন। এদিকে জয়ের পর লুইজিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েট্টে শহরে উল্লসিত সমর্থকদের উদ্দেশে পেনসিলভানিয়ার সাবেক সিনেটর স্যান্টোরাম বলেন, ‘আমরা আবারও এটা করেছি। আমরা সব জায়গাতেই প্রতিদ্বন্দ্বিতা করব।’ তিনি বলেন, রমনিকে পরাজিত করার জন্য রক্ষণশীলদের একত্র হওয়ার এখনই সময়। লুইজিয়ানায় আগামী সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রমনির থেকে অনেক পিছিয়ে রয়েছেন স্যান্টোরাম। তবে পরাজিত হওয়ার পর মঙ্গলবার রাতে রমনি কোনো বক্তব্য দেননি। তখন তিনি নিউইয়র্ক যাচ্ছিলেন। পরে এক বিবৃতিতে রমনি বলেন, তিনি খুশি, কারণ উল্লেখযোগ্যসংখ্যক প্রতিনিধির সমর্থন তিনি লাভ করেছেন। আলাবামা এবং মিসিসিপিতে ৯০ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন তিনি। উভয় রাজ্যেই এই সমর্থন সমান। বিবিসি, এএফপি।