আলু দিয়ে রুশ-মার্কিন সেতু গড়তে চান কেরি
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভকে গিফট-বক্স দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এতে লাভরভের অবাক হওয়াটা স্বাভাবিক। কারণ মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করা অ্যাডওয়ার্ড স্নোডেন ও সিরিয়া সংঘাত নিয়ে অনেক দিন ধরেই চলছে রুশ-মার্কিন কূটনৈতিক টানাপোড়েন। বাক্সটি খুলতেই লাভরভের আক্কেল গুড়ুম! সেখানে বড় বড় আইডাগো আলু।
হ্যাঁ, লাভরভকে এই আলু উপহার দিয়ে রুশ-মার্কিন কূটনৈতিক দূরত্বে সেতু গড়তে চান জন কেরি।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানানো হয়, ২২ জানুয়ারি সিরিয়া-বিষয়ে শান্তি সম্মেলন নিয়ে আলোচনা করতে কেরি ও লাভরভ এখন প্যারিসে অবস্থান করছেন। সেখানেই গতকাল সোমবার লাভরভকে আলু উপহার দেন কেরি।
লাভরভকে দেওয়া উপহার প্রসঙ্গে কৌতুক করে সাংবাদিকদের কাছে কেরি বলেন, ‘তিনি (লাভরভ) আমাকে বলেছেন, এটা দিয়ে ভদকা বানাবেন না। এগুলো তিনি খাবেন।’
কেরির কৌতুকের জবাবে লাভরভ বলেন, ‘পোল্যান্ডে আলু থেকে যে ভদকা বানানো হয়, আমি তা জানি। কিন্তু পোল্যান্ডেই তা হয়। আমরা এটা সোভিয়েত ইউনিয়নে করতাম। এখন আমরা গম দিয়ে ভদকা বানাই।’
আলু উপহার দেওয়া বিষয়ে এরপর কেরি তাঁর কথায় সংশোধনী এনে বলেন, ‘এখানে কোনো গোপন অর্থ নেই। কোনো রূপক নেই। কোনো প্রতীকী কিছু নেই।’
পরে লাভরভ বলেন, সিরিয়া বিষয়ে সমঝোতার প্রেক্ষাপটে এই আলু প্রতীক হিসেবে ব্যবহূত হতে পারে।