আলেপ্পোয় দেখামাত্র গুলি করছে সরকারি বাহিনী: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারপন্থী বাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। তারা নারী ও শিশুসহ সেখানে থাকা ব্যক্তিদের হত্যা করছে। আজ মঙ্গলবার জাতিসংঘ এ কথা জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, চারটি এলাকায় ৮২ জন বেসামরিক নাগরিককে দেখামাত্র গুলি করা হয়েছে—এ ব্যাপারে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রুপার্ট কলভিলে বলেন, ‘ওই নারকীয় পরিস্থিতিতে যারা শেষ পর্যন্ত বেঁচে রয়েছে, তাদের জন্য ভয়াবহ বিপদের আশঙ্কা করছি আমরা।’
সিরিয়ার পূর্ব আলেপ্পোকে চার বছর ধরে দখলে রাখা বিদ্রোহীরা বর্তমানে পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। এখনো বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর আশপাশের এলাকাগুলোতে কয়েক হাজার লোক আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে সেখানে সরকারপন্থী বাহিনী অগ্রসর হচ্ছে। সেখানে ব্যাপক বোমাবর্ষণ চলছে। জাতিসংঘ ও রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) সিরিয়া ও এর মিত্র রাশিয়াকে বোমা বর্ষণ বন্ধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রুপার্ট কলভিলে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁদের পাওয়া আলেপ্পোয় সহিংসতার বিস্তারিত চিত্র তুলে ধরেন। তবে তিনি স্বীকার করেন, তাঁদের দেওয়া এ তথ্য যাচাই করা অসম্ভব।

কলভিলে বলেন, ৮২ জন বেসামরিক নাগরিককে গুলি করা হয়েছে। এর মধ্যে ১১ জন নারী ও ১৩টি শিশু গুলিবিদ্ধ হয়েছে। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমরা খবর পেয়েছি, সেখানকার রাস্তাগুলোতে অসংখ্য মৃতদেহ পড়ে রয়েছে। ব্যাপক বোমাবর্ষণ এবং দেখামাত্র গুলি করার ঘটনায় সেখানকার আতঙ্কিত বাসিন্দারা পালিয়ে যেতে পারছে না।’