আলেপ্পো ছেড়েছে বেশ কিছু পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেপ্পো শহরের পূর্বদিকের একটি ‘মানবিক’ করিডোর দিয়ে কয়েক ডজন পরিবার শহরটি ছেড়ে বেরিয়ে এসেছে। তাদের একটি বাসে করে অস্থায়ী আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। এ ছাড়া কিছু বিদ্রোহীও সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার সিরিয়া সরকারের মিত্র দেশ রাশিয়া বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের বের করে আনার জন্য চারটি করিডোর খোলার ঘোষণা দেয়। এ পদক্ষেপকে স্বাগত জানায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং কিছু দাতা সংস্থা।

যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের উদ্ধার এবং বিদ্রোহীদের আত্মসমর্পণে বাধ্য করার পরিকল্পনা নেওয়ার সুপারিশ করে। শুক্রবার সিরিয়ায় জাতিসংঘের প্রতিনিধি বলেন, করিডোরটি জাতিসংঘের দ্বারা পরিচালিত হতে হবে এবং সেখানে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি দিতে হবে, যাতে মানুষ নিরাপদে বেরিয়ে যেতে পারে।

পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের মধ্যে প্রায় তিন লাখ মানুষ আটকে পড়েছে। জাতিসংঘ বলছে, আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই সেখানকার খাবার শেষ হয়ে যাবে। এ অবস্থায় আজ সকালে বেশ কিছু পরিবার শহরটি ছেড়ে চলে গেছে বলে সানার রিপোর্টে বলা হয়েছে।