আলেপ্পোতে বিদ্রোহী অবস্থানে গোলাবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারি বাহিনী গতকাল শনিবার আলেপ্পোতে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ভারী গোলা বর্ষণ করেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিরোধীরা সতর্কবাণী উচ্চারণ করেছে, ১৮ মাসের সংঘাত ‘চরম পর্যায়ে’ পৌঁছেছে।এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের আতারিব শহরে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিদ্রোহীরা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিদ্রোহীরা আতারিব শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলার প্রাক্কালে যুদ্ধবিমানটি বিমানবিধ্বংসী কামান দিয়ে ভূপাতিত করা হয়।মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস বলেছে, কাতেরগি, শার, সাখুর, হানানো, আরকুব ও মারজি জেলা সরকারি বাহিনীর লক্ষ্যস্থলে পরিণত করেছে। সংগঠনটি বলেছে, আলেপ্পো প্রদেশের আল-বাবসহ কয়েকটি শহরে বোমা হামলা চালানো হয়েছে। এ সময় বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে কেঁপে ওঠে শহরগুলো।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, নিরাপত্তা বাহিনী দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের হারা নগরে অভিযান চালিয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে। সেখানে দায়েলসহ আরও একটি গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এএফপি।