আলেপ্পোতে ব্যারেলবোমায় ১৬ দিনে নিহত ৫১৭

সিরিয়ার আলেপ্পো শহরে সরকারের অনুগত বিমানবাহিনীর ছোড়া ব্যারেলবোমার আঘাতে ১৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত গত ১৬ দিনে ৫১৭ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের।
মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে জানানো হয়, দুই সপ্তাহ ধরে অনবরত শহরটির ওপর ব্যারেলবোমা ছুড়ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বিমানবাহিনী। সর্বশেষ গত শনিবার আলেপ্পোর একটি সবজি বাজারের ওপর ব্যারেলবোমা ছোড়া হয়। এতে ২৫ জন নিহত হয়। সংগঠনটি জানায়, গত দুই সপ্তাহে যত মানুষ নিহত হয়েছে, এর মধ্যে ১৫১ জন শিশু ও ৪৬ জন নারী। শহরটিতে ব্যারেলবোমা হামলার নিন্দা জানিয়ে এ বিষয়ে বাইরের হস্তক্ষেপের দাবি জানায় মানবাধিকার সংগঠনটি।
সিরিয়ার যে কটি এলাকায় আসাদ অনুগত সেনা ও বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে, তাদের মধ্যে আলেপ্পো শহরটি অন্যতম।
নরওয়ের একটি রণতরির মাধ্যমে সিরিয়া সরকারের কাছে থাকা রাসায়নিক অস্ত্র সংগ্রহের প্রস্তুতি চলছে। অস্ত্রগুলো সিরিয়ার লাতাকিয়া বন্দর থেকে ইতালি নিয়ে যাওয়া হবে। সেখানে অস্ত্রগুলো মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে তুলে আন্তর্জাতিক জলসীমায় নিয়ে ধ্বংস করা হবে।
এ প্রক্রিয়া যাতে ত্বরান্বিত করা যায়, এ প্রচেষ্টা বেগবান করতে দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছে রাসায়নিক অস্ত্র নিরোধক সংগঠন ওপিসিডব্লিউ। সংগঠনটির ভাষ্য, অস্ত্রগুলো বন্দর পর্যন্ত পরিবহনের ক্ষেত্রে যেসব ঝুঁকি রয়েছে, তা হ্রাসের চেষ্টা করা সিরিয়া সরকারের দায়িত্ব।