আলেপ্পোতে সেনাবাহিনীর ব্যাপক হামলা, সংঘর্ষ
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোতে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া রাজধানী দামেস্কের কাছের একটি এলাকায় সেনাবাহিনীর অভিযানের পর ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়।দ্য সিরিয়ান অবজারভেটরি আরও জানায়, রোববার আলেপ্পোর শাখুর ও কালাশেহ এলাকায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় সেনাবাহিনী। এই হামলার পরপর বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। তা হানানো ও মিদান এলাকায় ছড়িয়ে পড়ে। একটি সামরিক সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে ঐতিহাসিক উমায়েদ মসজিদ এলাকায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। সেনাবাহিনী ওই মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ওই লড়াই শুরু হয়।দ্য সিরিয়ান অবজারভেটরি জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের তাল আবিয়াদ শহরেও হামলা চালিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া দামেস্কের কাছে হামেহ শহরে কয়েক দিন ধরে অভিযান চালানোর পর তা নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। সেনা অভিযান শেষ হওয়ার পর ওই এলাকায় থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ কমিয়েছে সৌদি ও কাতার: সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ কমিয়ে দিয়েছে সৌদি আরব ও কাতার। গত শনিবার মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সমর্থন না পেয়ে অনুৎসাহিত হয়ে বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ কমিয়ে দেয় ওই দুটি রাষ্ট্র। সৌদি আরব ও কাতারের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের আশঙ্কা সিরিয়ার বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যেতে পারে। তাই এগুলো সন্ত্রাসীদের হাতে পৌঁছা প্রতিহত করার উপায় নিয়ে চিন্তাভাবনা চলছে। এএফপি।