আলেপ্পোর গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি বিদ্রোহীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহীরা মাসব্যাপী লড়াইয়ের পর উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি দখল করে নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা গতকাল মঙ্গলবার সকালে মিনিগ নামে ওই বিমানঘাঁটি দখল করে।সংগঠনটি আরও জানায়, মিনিগ বিমানঘাঁটিতে হামলায় বিদ্রোহীদের সঙ্গে আল-কায়েদাসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের জঙ্গিরাও অংশ নিয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত ১০ বিদ্রোহী নিহত হয়। সরকারি বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হয় এবং কয়েকজনকে বন্দী করা হয়। বিদ্রোহীরা গত বছর থেকে মিনিগ বিমানঘাঁটি দখলের চেষ্টা করছিল। বিদ্রোহীরা লাতাকিয়া প্রদেশের বেশ কয়েকটি গ্রামেও ইতিমধ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। অন্য রণাঙ্গনে সরকারি সেনারাও সম্প্রতি বেশ সাফল্য পেয়েছে। তারা দামেস্ক ও হোমস এবং আলেপ্পোর কয়েকটি এলাকা থেকে বিদ্রোহীদের সরে যেতে বাধ্য করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি বিদ্রোহীদের দখলমুক্ত খালিদিয়া এলাকা সফর করেছেন। বিশ্লেষকেরা বলছেন, তুরস্ক সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থিত মিনিগ বিমানঘাঁটি দখলের ঘটনাটি প্রেসিডেন্ট বাশার সরকারের জন্য একটি বড় আঘাত। কারণ, এই ঘাঁটি থেকে আলেপ্পোর প্রধান পথগুলো দিয়ে সামরিক রসদ সরবরাহ করা হতো। এখন সেই সরবরাহ বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ বলেছে, সিরিয়ায় দুই বছরের বেশি সময় ধরে লড়াইয়ে অন্তত এক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া প্রায় ১৭ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে আশপাশের কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে। এএফপি ও বিবিসি।