আলেপ্পোর দিকে ধেয়ে যাচ্ছে সিরীয় বাহিনী
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় সেনাশক্তি জোরদারে গতকাল বুধবার সেদিকে যাত্রা শুরু করেছে সিরিয়ার সেনাবাহিনী। এক সপ্তাহের বেশি সময় ধরে আলেপ্পোর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের প্রচণ্ড লড়াই চলছে।সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বসম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল তিনি বলেন, ‘আমি বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি...দেরি করবেন না...হত্যাযজ্ঞ বন্ধে এখনই ব্যবস্থা নিন।’এদিকে, যুক্তরাজ্যের সামরিক গবেষণাপ্রতিষ্ঠান রয়েল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট বলেছে, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বাড়ছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।সিরিয়া-পরিস্থিতি নিয়ে রাশিয়া গতকাল যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেছে, ওয়াশিংটন সিরিয়ায় ‘সন্ত্রাসবাদকে সরাসরি মদদ’ দিচ্ছে।তুরস্ক গতকাল থেকে সিরিয়াসংলগ্ন সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। সিরীয় সেনাবাহিনীর পক্ষত্যাগী জেনারেল মানাফ টিলাস প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পরবর্তী সিরিয়া গড়ে তুলতে জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পো ও এর আশপাশের জেলায় মঙ্গলবার রাত ও বুধবার সকালে সিরীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের প্রচণ্ড লড়াই চলে। বিশেষ করে আলেপ্পোর দক্ষিণে অবস্থিত বুস্তান আল কসর জেলা ও আলেপ্পোর কেন্দ্রস্থলে ক্ষমতাসীন বাথ পার্টির সদর দপ্তরসংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।আলেপ্পোর পরিস্থিতি মোকাবিলায় সেখানে আরও সেনা পাঠাচ্ছে সিরিয়া। বিদ্রোহীদের সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র কর্নেল আবদেল জব্বার আল ওকায়দি বলেন, তাঁর ধারণা, আলেপ্পোয় সরকারি বাহিনীর বিপর্যয় দেখে সেনা পাঠাচ্ছে সরকার। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ থেকে বিপুলসংখ্যক সেনাবাহিনী আলেপ্পোর দিকে আসছে। তিনি বলেন, আলেপ্পোয় এখনো সংঘর্ষ চলছে। কয়েকটি এলাকায় সংঘর্ষের সময় টিকতে না পেরে সরকারি সেনাসদস্যরা পালিয়ে যায়। কেউ কেউ সরকারপক্ষ ত্যাগ করে। ওকায়দি আরও বলেন, ‘সরকারি বাহিনী সেনাসদস্যদের মনোবল খুবই দুর্বল।’সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবারের সহিংসতায় সিরিয়াজুড়ে ১৫৮ জন নিহত হয়েছে।সিরিয়া-পরিস্থিতি নিয়ে গতকাল যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভ বলেন, ‘সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সত্যিই ভয়ংকর। এটা সরাসরি সন্ত্রাসবাদকে মদদ দেওয়া।’এদিকে তুরস্কের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তুরস্ক সিরিয়া সীমান্তসংলগ্ন সব সীমান্ত ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়া ছাড়ছেন পর্যবেক্ষকেরা: জাতিসংঘের অন্তত দেড় শ পর্যবেক্ষক গতকাল বুধবার সকালে ও গত মঙ্গলবার রাতে সিরিয়া ছেড়েছেন। তাঁরা আর সিরিয়ায় ফিরবেন না। নাম প্রকাশ না করার শর্তে গতকাল একজন পর্যবেক্ষক এ কথা জানান। সব মিলিয়ে দেশটিতে ৩০০ পর্যবেক্ষক ছিলেন। এএফপি।