আলেপ্পোয় আসাদ বাহিনী-বিদ্রোহী ‘তুমুল লড়াই’
সিরিয়ায় আলেপ্পোর উত্তরাঞ্চলীয় শেখ মাকসুদ এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে ‘তুমুল লড়াই’ চলছে। ফলে স্থানীয় লোকজন দলে দলে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে। একটি মানবাধিকার সংগঠন এ খবর দিয়েছে।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান জানান, শেখ মাকসুদ ও এর আশপাশের এলাকায় গোলা এসে পড়ছে এবং এতে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সংঘর্ষ থেকে রেহাই পেতে ওই এলাকা থেকে শত শত গাড়িতে করে লোকজনকে অন্যত্র পালিয়ে যেতে দেখা গেছে।কুর্দি অধ্যুষিত এই অঞ্চলে গত শুক্রবার থেকে আসাদের বাহিনীর সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের সংঘর্ষ চলে আসছে। বিদ্রোহীদের শহরে প্রবেশ ঠেকাতে সরকারি বাহিনী সেখানে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানবাধিকার সংগঠনটি জানায়, শেখ মাকসুদ এলাকার পূর্ব ও পশ্চিমাংশে গোলাগুলি চলছে। সংঘর্ষে নতুন করে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এএফপি।