আলেপ্পোয় গাড়িবোমা হামলা ৪০ জন নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোয় গতকাল বুধবার গাড়িবোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। হামলার সময় পর পর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত ও সরকার-সমর্থক বলে পরিচিত গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গতকাল সকালে পাঁচটি বিস্ফোরণের মধ্যে চারটিই ঘটে আলেপ্পোর সাদাল্লাহ আল-জাবারি স্কয়ারের সামরিক কর্মকর্তাদের ক্লাব ও একটি হোটেলের কাছে। মূলত এগুলো ছিল আত্মঘাতী গাড়িবোমা হামলা। আল-জাবারি স্কয়ার থেকে কয়েক শ মিটার দূরে পঞ্চম বিস্ফোরণটি ঘটে। ভয়াবহ এসব বিস্ফোরণে বেশ কিছু ভবনের সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে পাশের সড়কেও। সড়কের কোনো কোনো জায়গায় গর্তেরও সৃষ্টি হয়। আশপাশের কিছু ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়।বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা কাজ শুরু করেন। আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে উল্লেখযোগ্যসংখ্যক সেনা মোতায়েন করা হয়। অনেক মরদেহ উদ্ধারকর্মীদের কম্বল দিয়ে জড়িয়ে নিয়ে যেতে দেখা যায়। নিহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে সেনাসদস্যও রয়েছেন।স্থানীয় একজন বাসিন্দা জানান, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে, মনে হচ্ছিল দফায় দফায় ভূমিকম্প হচ্ছে। এটা ছিল এক কথায় ভয়াবহ পরিস্থিতি। তিনি জানান, বিস্ফোরণে ক্লাব ও পাশের হোটেল প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, বিস্ফোরণের পর পর সামরিক পোশাক ও বিস্ফোরণের বেল্ট পরা দুই থেকে তিনজন ‘সন্ত্রাসী’কে দেখা যায়। তবে কোনো হামলা চালানোর আগেই তাঁদের গুলি চালিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ওই ‘হামলার চেষ্টাকারী’দের ছবি ছাপানো হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সামরিক কর্মকর্তাদের ক্লাবের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংগঠনটি জানায়, এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই সরকারি সেনাসদস্য। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।সিরিয়ার পার্লামেন্টের স্পিকার জিহাদ আল লাহাম রাষ্ট্রীয় টেলিভিশনে অভিযোগ করেন, ‘এই হামলার জন্য বিরোধীদের সমর্থিত বিদেশি শক্তিই দায়ী। আমরা এই হামলার নিন্দা জানাই।’ বিবিসি, এএফপি।