আলেপ্পোয় গোয়েন্দা সদর দপ্তরে বিদ্রোহীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর সামরিক আদালত ও বিমানবাহিনীর গোয়েন্দা সদর দপ্তরে গতকাল মঙ্গলবার হামলা চালিয়েছে বিদ্রোহীরা। আলেপ্পোয় চার দিন ধরে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের প্রচণ্ড লড়াই চলছে। এদিকে ইরান গতকাল বলেছে, তার মিত্র সিরিয়ার দিকে কোনো শত্রুকে অগ্রসর হতে দেওয়া হবে না। তবে এখন পর্যন্ত সে ব্যাপারে কাজ করার মতো সময় এখনো হয়নি।যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা গতকাল সকাল হওয়ার আগেই আলেপ্পোর জাহরা জেলায় অবস্থিত বিমানবাহিনীর শক্তিশালী গোয়েন্দা শাখার সদর দপ্তরে হামলা চালিয়েছে। এরপর ওই অঞ্চলে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। দিনভর সেই লড়াই চলে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানায়, প্রায় একই সময়ে বিদ্রোহীরা আলেপ্পোর দক্ষিণাঞ্চলের জেলা সালহিনে অবস্থিত সামরিক বাহিনীর প্রধান আদালত, একটি পুলিশ স্টেশন ও ক্ষমতাসীন বাথ পার্টির কার্যালয়ে হামলা চালায়। রকেটচালিত গ্রেনেড দিয়ে এ হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পোর আশপাশে সালাহেদ্দিন, মারজেহ, ফেরদৌস, আল-মাসাদ, সাকুর, আল-শার ও আনসারি এলাকায় গত সোমবার দিবাগত রাতে প্রায় রাতভর গোলা ছোড়ে সেনাবাহিনী। আল-মেসের ও আল-আদ্দা এলাকায় সকালের দিকে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক লড়াই শুরু হয়। দ্য সিরিয়ান রেভল্যুশন জেনারেল কমিটি জানায়, আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমের জেলা সালাহেদ্দিনে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি লক্ষ্য করে সরকারি বাহিনী গতকাল টানা চতুর্থ দিনের মতো হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে।সিরিয়ার রাজধানী দামেস্কে সোমবার একজন সেনা কর্মকর্তা দাবি করেন, সালাহেদ্দিন জেলার বেশ কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। তবে তা ধরে রাখতে বেশ বেগ পেতে হচ্ছে। বিদ্রোহীদের পক্ষ থেকে ওই সেনা কর্মকর্তার দাবি নাকচ করে দিয়ে বলা হয়, সেনাবাহিনী এক মিটার জায়গাও দখলে নিতে পারেনি।ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ হলো এখন পর্যন্ত সিরিয়ার পরিস্থিতিতে তার বন্ধুদের হস্তক্ষেপ করার মতো সময় আসেনি। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। বিশেষ পরিস্থিতিতে সিরিয়ার বন্ধুরা দামেস্কের প্রতি হাত বাড়িয়ে দেবে।’ এএফপি।