আলেপ্পোয় বিদ্রোহীদের শক্ত ঘাঁটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পোয় সালাহেদ্দিন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। গতকাল বুধবার সেনাবাহিনীর কঠোর অভিযানের মুখে বিদ্রোহীরা তাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত সালাহেদ্দিন ছেড়ে যায়।আলেপ্পোয় বর্তমান পরিস্থিতিতে বিদ্রোহী ও সরকারি বাহিনীকে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আলেপ্পোয় বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারী যে-ই হোক, তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি করেছে প্রতিষ্ঠানটি।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আলেপ্পোয় বিদ্রোহীদের সবচেয়ে শক্ত ঘাঁটি বলে পরিচিতি ছিল সালাহেদ্দিন। গতকাল সেনাবাহিনীর অভিযানের মুখে বিদ্রোহীরা এলাকাটি ছেড়ে যায়। কয়েক দিন ধরে সালাহেদ্দিনই ছিল লড়াইয়ের কেন্দ্রবিন্দু। একজন বিদ্রোহী যোদ্ধার বরাত দিয়ে রয়টার্স জানায়, বিদ্রোহীরা সালাহেদ্দিন ছেড়ে চলে গেছে।সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র লেবাননের আল মানার টেলিভিশনকে জানায়, বিদ্রোহীদের সালাহেদ্দিন থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণ এখন দেশটির সেনাবাহিনীর হাতে।বার্তা সংস্থা এএফপি বিদ্রোহীদের কমান্ডার ওয়াসেল আইয়ুবের বরাত দিয়ে জানায়, গতকাল সকালে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে সালাহেদ্দিনে ভয়াবহ অভিযান শুরু করে সেনাবাহিনী। তারা আল-মালাব সড়ক দিয়ে সালাহেদ্দিনের অভ্যন্তরে ঢুকে পড়ে। ওয়াসেল জানান, সেনাবাহিনী হামদানিয়েহ এলাকা দিয়েও অভিযান চালায়। মূলত পূর্ব ও পশ্চিম দিক থেকে একযোগে এই অভিযান চালানো হয়েছে।বিবিসির খবরে বলা হয়, আলেপ্পোয় দুই পক্ষের সংঘর্ষে গতকাল ১২ জন নিহত হয়েছে। সালাহেদ্দিনের বিভিন্ন স্থানে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, উপগ্রহ থেকে সংগ্রহ করা ছবিতে দেখা গেছে, আলেপ্পোয় বেসামরিক আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার ও বিদ্রোহীদের সতর্ক করে দিয়ে বলা হয়, এসব ঘটনা নথিবদ্ধ করে এ জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। বিবৃতিতে আলেপ্পো মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গের আশঙ্কাও করা হয়েছে। রয়টার্স, এএফপি, বিবিসি।