আলোচকদের ভূমিকা বাস্তবমুখী: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে সংলাপে বিশ্বের ছয় পরাশক্তি দেশ ‘আরও বাস্তবমুখী’ ভূমিকা নিয়েছে। তেহরানের প্রধান আলোচক সাইদ জলিলি কাজাখস্তানের আলমাতি শহরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সংলাপ শেষে গতকাল বুধবার এ মন্তব্য করেন।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং জার্মানির প্রতিনিধিদের সঙ্গে ইরান ওই সংলাপে অংশ নেয়। জলিলি বলেন, সংলাপের উদ্যোগ ছিল একটি ‘ইতিবাচক পদক্ষেপ’। অপর পক্ষের আলোচকেরা বিভিন্ন বিষয়ে আগের তুলনায় বাস্তবমুখী সাড়া দিয়েছেন। আলমাতিতে আগামী ৫ ও ৬ এপ্রিল পরবর্তী দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। তবে পরাশক্তি দেশগুলোর পরমাণু বিশেষজ্ঞরা একই বিষয় নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে আগামী ১৭ ও ১৮ মার্চ আলোচনায় বসবেন।ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে পিছিয়ে এলে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে দেশটিকে নতুন প্রস্তাব দিয়েছে বিশ্বের ছয় পরাশক্তি। ইরান এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে বলে আশা করা হচ্ছে। ইউরেনিয়াম কর্মসূচির আড়ালে ইরান আসলে পারমাণবিক বোমা উৎপাদন করছে বলে পশ্চিমা দেশগুলো সন্দেহ করে।ইরানে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ কয়েক দফা সংলাপ অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমঝোতা হয়নি। আলমাতিতেই এ ব্যাপারে চলতি বছরের প্রথম সংলাপ অনুষ্ঠিত হলো।আলমাতির দুই দিনব্যাপী সংলাপ ইতিবাচক ছিল বলে উভয় পক্ষের প্রতিনিধিরা মন্তব্য করেছেন। আলোচনার পারিপার্শ্বিক অবস্থা ‘খুব গুরুত্বপূর্ণ’ ছিল বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন উল্লেখ করেছে।এদিকে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই র‌্যবকভ বলেন, সর্বশেষ আলোচনায় একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে ইস্তাম্বুলে আগামী মাসে আলোচনা হবে।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বলেন, ‘আমাদের প্রস্তাব নিয়ে ইরানের অবস্থান ইতিবাচক বলেই ধারণা করা হচ্ছে। সামনে এগিয়ে যাওয়ার মতো সুযোগ তৈরির উপযোগী প্রস্তাবই আমরা দিয়েছি।’আলমাতিতে অনুষ্ঠিত সংলাপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। কূটনৈতিক উদ্যোগ ও নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা সম্ভব না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। এএফপি ও রয়টার্স।