আলোচনা করতে ইরানে আইএইএ প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সন্দেহজনক পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কর্মকর্তারা গতকাল সোমবার তেহরানে পৌঁছেছেন। প্রতিনিধিদল ও জাতিসংঘের পরমাণু পরিদর্শক দলের প্রধান হার্মান ন্যাকায়ের্টস তেহরানের উদ্দেশে ভিয়েনা ছাড়ার আগে রোববার রাতে সাংবাদিকদের বলেন, ইরানের পরমাণু কর্মসূচির সামরিক মাত্রার সম্ভাব্যতা নিয়ে দুই দিনব্যাপী এ আলোচনা থেকে ‘সুনির্দিষ্ট ফলাফল’ বেরিয়ে আসবে বলে আইএইএ আশা করছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘অগ্রগতি সামান্যই হতে পারে।’পশ্চিমাদের অবরোধ ও ইসরায়েলের সামরিক অভিযানের হুমকির পরও ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে অনড় রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে জ্বালানি তেলের দাম। রোববার ইরানের তেল মন্ত্রণালয় বলেছে, ফ্রান্স ও যুক্তরাজ্যে অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার প্রতিশোধ হিসেবেই তেহরান এ কাজ করল। ফ্রান্সের মোট তেল আমদানির ৩ শতাংশেরও কম আসে ইরান থেকে। আর যুক্তরাজ্যের ইরান থেকে আমদানি নেই বললেই চলে। তবু তেল ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করছেন, ইরান ধীরে ধীরে গোটা ইউরোপে তেল রপ্তানি বন্ধ করে দিতে পারে। ইরান থেকে ইউরোপের দেশগুলো তাদের চাহিদার ২০ শতাংশ তেল আমদানি করে থাকে। ইরান সম্প্রতি তার পরমাণু কর্মসূচির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জনের কথা ঘোষণা দিয়েছে। দেশটি বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে হাজার হাজার সেন্ট্রিফিউজ যুক্ত করছে। সেই সঙ্গে উৎপাদন করছে ২০ শতাংশ সমৃদ্ধ করা পরমাণু জ্বালানি। গত নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে আইএইএ দাবি করে, তাদের জোর সন্দেহ—ইরান আণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা করছে। গত মাসে আরেকটি প্রতিবেদনে ইরানের পবিত্র নগর কোমের বাইরে সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করার বিষয়টি নিশ্চিত করে আইএইএ। এএফপি ও রয়টার্স।