আলোচনা ভন্ডুল করতেই মেহসুদকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাক্ষাত্কারের সময় ইমরান খান
সাক্ষাত্কারের সময় ইমরান খান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা ভন্ডুল করে দেওয়ার অভিযোগ তুলেছেন পাকিস্তানের রাজনীতিক ইমরান খান। তিনি বলেছেন, সরকারের সঙ্গে তালেবান জঙ্গিদের শান্তি-প্রক্রিয়া নস্যাৎ করতেই টিটিপির নেতা হাকিমুল্লাহ মেহসুদকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ ১ নভেম্বর মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হন। এরপর টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিয়েছে। মেহসুদ হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বড় ধরনের হামলারও হুমকি দিয়েছে তারা।
ইমরান খান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জঙ্গিরা যখন আলোচনায় বসতে নমনীয় হচ্ছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্র সেই আলোচনা ভন্ডুল করে দিল। তিনি বলেন, ‘যদি কোনো প্রকার শান্তি আলোচনার সুযোগ থেকে থাকে, তবে আমাদের তা লুফে নেওয়া উচিত...আমেরিকা চাইলে যেকোনো সময়ই তারা হাকিমুল্লাহকে শেষ করতে পারত। আমি মনে করি, তারা এই সময়টাকে বেছে নিয়েছে শান্তি-প্রক্রিয়াকে নস্যাৎ করতেই।’
ইমরান আরও বলেন, ‘আমেরিকানরা মনে করে, আমাদের উপজাতি-অধ্যুষিত এলাকাগুলোতে যদি লড়াই অব্যাহত থাকে, তাহলে সীমান্তের ওপারে (আফগানিস্তান) গিয়ে আমেরিকানদের বিরুদ্ধে জঙ্গিদের লড়াই করার আশঙ্কা কম থাকবে।’
ইমরান বলেন, উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলা চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কেবল তাদের বিরুদ্ধের মনোভাবকে আরও চাঙা করেছে। ডন।