পাকিস্তানে তালেবানের গোপন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। আফগান সীমান্ত-সংলগ্ন উপজাতি অধ্যুষিত এলাকায় গতকাল ওই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তালেবানের বিরুদ্ধে বিমান হামলার অনুমোদন দেন। এ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর ওপর দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর চাপ ছিল বলে ধারণা করা হয়। গত সপ্তাহে সরকারের সঙ্গে তালেবানের আলোচনার প্রক্রিয়া ভেঙে যায়।
পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগান সীমান্তের মির আলী এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১৩ জন বিদেশি জঙ্গি। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, মধ্যরাতে চালানো ওই হামলায় জঙ্গিদের বেশ কিছু অস্ত্রও ধ্বংস হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতেই তালেবান আস্তানা লক্ষ্য করে হামলার অনুমতি দেন নওয়াজ। ওই কর্মকর্তা বলেন, ‘তালেবানকে শিক্ষা দেওয়ার এটাই একমাত্র পথ।’
মির আলী এলাকায় বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত পাঁচ মাসে তালেবানের হামলায় শতাধিক সেনাসদস্য নিহত হন। তালেবানের হামলায় সেনাসদস্য হত্যার সংখ্যা জানানো বিরল এক ঘটনা।
নওয়াজের মুখপাত্র পারভেজ রশিদ অবশ্য বিমান হামলা চালানের আগেই তালেবানের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। বুধবার রাতে তিনি বলেন, শত্রুদের ধ্বংস করার ক্ষমতা পাকিস্তানের সামরিক বাহিনীর আছে।
মুখপাত্র পারভেজ রশিদ বলেন, ‘প্রধানমন্ত্রী রক্তপাত এড়াতে চান। তবে তালেবান জঙ্গিরা মানুষ হত্যা চালিয়ে গেলে জনগণকে নিরাপত্তা দিতে সন্ত্রাস নির্মূলে যেকোনো পদক্ষেপ নিতে হবে।’
বেশ কিছুদিন ধরেই সরকারের সঙ্গে তালেবানের সরাসরি আলোচনার প্রক্রিয়া চলছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভেঙে যাওয়ায় কঠোর অবস্থান নিল নওয়াজের সরকার। রয়টার্স ও আল-জাজিরা।