আলোচনা শুরু করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক নির্বাচনের তারিখ চূড়ান্ত করা নিয়ে সব দলের সঙ্গে আলোচনা শুরু করতে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিপিপি।গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মূল কমিটির এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। পিপিপির নেতারা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো রকমের বিলম্ব মেনে নেওয়া হবে না।বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয়, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানে এক দিনও বিলম্ব করা হবে না।আইনমন্ত্রী ফারুক এইচ নায়েক জানান, বৈঠকে নির্বাচনী আইন এবং ধর্মীয় নেতা তাহির-উল-কাদিরের সঙ্গে জোট সরকারের সাম্প্রতিক চুক্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। তিনি বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। এতে কোনো পক্ষ চাপ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে বাধামুক্ত নির্বাচন অনুষ্ঠানে সব দলের সঙ্গে আলোচনা শুরু করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।প্রধানমন্ত্রী আশরাফের সভাপতিত্বে এ বৈঠকে অন্যান্যের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সিনেটর জাহাঙ্গীর বদর, সিনেটর ফরহাতুল্লাহ বাবর, সিনেটর রাজা রাব্বানি, মাখদুম আমিন ফাহিম, নজর মোহাম্মদ গন্দাল, রানা ফারুক সাঈদ, সৈয়দ নাভিদ কামার, কামার জামান কায়রা, ফারুক নায়েক, মনজুর আহমেদ ওয়াত্তু, মাখদুম শাহাবুদ্দিন, মাওলা বাকশ চান্দিও, সৈয়দ খুরশিদ শাহ ও চৌধুরী আহমেদ মুখতার উপস্থিত ছিলেন।বেলুচিস্তানে হাজারা সম্প্রদায়ের নজিরবিহীন বিক্ষোভ এবং নির্বাচন স্থগিত করতে কিছু সংগঠনের সাম্প্রতিক হুমকি সফলভাবে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান পিপিপি নেতারা। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল পিএমএল-এন। জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা চৌধুরী নিসার আলী খান পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের জানান, তাঁর মনে হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে। কাদরি ও সরকারের মধ্যে নির্বাচনী সংস্কার নিয়ে করা চুক্তি মানতেও অস্বীকৃতি জানান তিনি। চৌধুরী নিসার জানান, বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে পার্লামেন্টের ভেতর-বাইরে সব দলের সঙ্গে আলোচনা করেছেন। কাদরির দাবি অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করলে তাতে জুন পর্যন্ত লেগে যাবে মন্তব্য করে তিনি জানান, সে সময় প্রচণ্ড গরম পড়বে। তাই কোনো দলই ওই সময়ে নির্বাচন করতে চাইবে না। ডন অনলাইন।