জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের দেওয়া ভাষণে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই পক্ষের আলোচনা আবার শুরু হওয়ার আভাস মিলেছে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গত বৃহস্পতিবার ভাষণ দেন ওবামা। এর কয়েক ঘণ্টা পর ভাষণ দেন আহমাদিনেজাদ। উভয়েই জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত তাঁদের সরকার।ভাষণে ওবামা বলেন, ‘আমি আরও একবার স্পষ্টভাবে বলতে চাই, ইরানের সঙ্গে আমাদের মতপার্থক্য নিয়ে একটি প্রস্তাব গ্রহণে আমরা আগ্রহী। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সম্প্রদায় ও ইরান চাইলে তাঁদের জন্য কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে।’ওবামার ভাষণের পাঁচ ঘণ্টা পর সাধারণ পরিষদের ভাষণ দেন আহমাদিনেজাদ। তিনি জানান, ইরানও আলোচনার জন্য অনেক দিন ধরে প্রস্তুত। তবে চাপের কাছে ইরানের নতিস্বীকার করছে—এমন ধারণা করার কারণ নেই।ইরানি নেতা আরও বলেন, ‘আলোচনা হতে হবে শ্রদ্ধাবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে।’তেহরান থেকে বার্তা সংস্থা জানায়, আহমাদিনেজাদ বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আগামী মাসেই শুরু হতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি দেশ এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা গত বুধবার বলেন, ইরানের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে বলে তারা এখনো আশাবাদী। এএফপি।