মিসরের বর্তমান সংকট সমাধানে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছেন দেশটির সর্বোচ্চ ইসলামি প্রতিষ্ঠান আল-আজহারের প্রধান ইমাম শেখ আহমেদ আল তায়িব। এই উদ্যোগের অংশ হিসেবে মুসলিম ব্রাদারহুডসহ ইসলামপন্থী অন্যান্য সংগঠন এবং রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুডের নেত-কর্মীরা নতুন করে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন।
আল-আজহারের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত শনিবার জানান, সংকট সমাধানে প্রধান ইমামের তত্ত্বাবধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। এরই মধ্যে ব্রাদারহুড ও এর রাজনৈতিক শাখা ফিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি) এবং কয়েকটি ইসলামপন্থী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আদলি মনসুর গত সপ্তাহে ঘোষণা দেন, মিসরের চলমান সংকট সমাধানে বহির্বিশ্বের উদ্যোগে ‘আশানুরূপ ফল অর্জন করা সম্ভব হয়নি’। এর পরই আল-আজহারের প্রধান ইমাম সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে আলোচনার উদ্যোগ নিলেন।
তবে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, আল-আজহারের প্রধান ইমামের এই উদ্যোগ সফল নাও হতে পারে। কারণ, গত ৩ জুলাই সেনা হস্তক্ষেপে মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলে বিষয়টিকে সমর্থন করেন আহমেদ আল তায়িব। এতে মুরসিপন্থীরা তাঁর প্রতি বেশ ক্ষুব্ধ। তবে আশার কথা হলো, ২০১১ সালে আরব বসন্তের ঢেউয়ে প্রায় তিন দশকের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর বেশ কিছু রাজনৈতিক বিষয়ে ঐকমত্য গড়তে সক্ষম হয়েছেন আহমেদ আল তায়িব। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে চার দিন ছুটির পর গতকাল রোববার আবারও বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নেন মুরসিপন্থীরা। গত শুক্রবার ব্রাদারহুডের অন্যতম নেতা মোহাম্মদ আল-বেলতাগি বলেন, ‘যত খুশি আমাদের হত্যা করুন। নিজেদের অবস্থান থেকে আমরা এক ইঞ্চিও সরে দাঁড়াব না...আমরা লাখো মানুষ শহীদ হতে প্রস্তুত।’ আরবভিত্তিক পত্রিকা আল শার্ক আল আসওয়াত শনিবার এক প্রতিবেদনে জানায়, মুরসিপন্থীদের রাজপথ থেকে সরিয়ে দিতে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান শুরু করবে সরকার।
মুরসিপন্থীদের বড় ধরনের বিক্ষোভের ঘোষণা আর সরকারের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযানের খবরে আরও রক্তপাতের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মিসরের সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের অবস্থান, কার্যক্রম ও ভাষার ব্যবহার পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শনিবার তিনি এক বিবৃতিতে বলেন, বর্তমানে যাঁরা কর্তৃপক্ষের অবস্থানে আছেন এবং যাঁরা রাজপথে আন্দোলন করছেন, সবার জন্যই নিজেদের অবস্থানের কথা বিবেচনা করা জরুরি। বিবিসি ও এএফপি।